অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। দুর্ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরেছেন এই অভিনেত্রী।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার খবর জানান তানজিন তিশা।
পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।’
জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। তিশার আগমন ঘিরে আয়োজকেরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। ভক্তদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।
দুর্ঘটনার বিষয়ে তানজিন তিশা বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ, কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’
নিজের শারীরিক অবস্থা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যাঁরা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
এদিকে, তানজিন তিশার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। তাঁরা অভিনেত্রীর শারীরিক অবস্থা ও নিরাপত্তার খোঁজ নিচ্ছেন।
ছোট পর্দায় বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।
