গোসল ছাড়া ৫ দিন শুটিং করেছিলেন এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম
অস্কারজয়ী সুইডিশ অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দর। ছবি: আইএমডিবি
আজ ৩ অক্টোবর অস্কারজয়ী সুইডিশ অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দরের জন্মদিন। ২০১২ সালের ‘আনা কারেনিনা’ সিনেমার শুটিংয়ে রাশিয়ার প্রত্যন্ত এক এলাকায় গরম পানি ছাড়া একটি ছোট কেবিনে টানা পাঁচ দিন থাকতে হয়েছিল তাঁকে। ফলে এই পাঁচ দিন গোসল ছাড়াই কাটাতে হয়েছিল বলে জানা যায়। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিজ্ঞতার কথা বলেছেন।
দুর্গম পথে শুটিং
জো রাইট পরিচালিত সিনেমাটিতে কিটির চরিত্রে অভিনয় করেন ভিকান্দর। সহশিল্পী ছিলেন কিরা নাইটলি, জুডি ল ও ডমহল গ্লিসন। বেশির ভাগ দৃশ্য ইংল্যান্ডের শেপারটন স্টুডিওতে ধারণ হলেও শীতকালীন কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য ইউনিটকে যেতে হয় রাশিয়ার কিঝি দ্বীপ এলাকায়। সেখানে তাপমাত্রা নেমেছিল মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
ভিকান্দর জানান, দীর্ঘ ট্রেনযাত্রা, কয়েক ঘণ্টার বাস আর বরফের ওপর হোভারক্রাফটে চড়ে তাঁরা সেখানে পৌঁছান। কেবিনে গরম পানি ছিল না, বিছানার বদলে ঘুমাতে হতো বেঞ্চে।
নেকড়ের আতঙ্ক
কল শিটে ‘নেকড়ে থেকে সাবধান’ বলে সতর্কতা ছিল। অভিনেত্রীর ভাষ্য, তিনি শুটিংস্থলের কাছে নেকড়ে ও ভালুক ঘুরতে দেখেছেন, রাতে শুনেছেন নেকড়ের ডাক। তাঁকে ও গ্লিসনকে পাহারা দিতেন রুশ নিরাপত্তারক্ষীরা। একদিন রাতে ইউনিটের এক সদস্য কিছুক্ষণের জন্য বাইরে গেলে একদল নেকড়ে তাঁকে ঘিরে ফেলে। নিরাপত্তারক্ষীরা নেকড়েগুলোকে সরিয়ে দেন। প্রচণ্ড ঠান্ডায় ওই সদস্যের কোল্ড ইনজুরিও হয়েছিল।
কষ্ট, তবু ‘সেরা অ্যাডভেঞ্চার’
সিনেমাটির চিত্রগ্রাহক সিমাস ম্যাকগারভে এটিকে নিজের করা সবচেয়ে কঠিন শুটিংগুলোর একটি বলেছেন। ভিকান্দর বলেন, গ্লাভসের বাইরে হাত রাখলে কয়েক সেকেন্ডেই আঙুল নাড়ানো কঠিন হয়ে যেত, দিনের আলোও ছিল খুব কম। তবু তিনি অভিজ্ঞতাটিকে ‘জীবনের সেরা অ্যাডভেঞ্চার’ বলেছেন, যদিও মজা করে যোগ করেছেন, দ্বিতীয়বার এমন অভিজ্ঞতা চান না।
ভিকান্দর ‘দ্য ড্যানিশ গার্ল’ সিনেমায় পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন।