EN ☀️
×

Follow Us

বিনোদন

নিষিদ্ধ পানমশলার প্রচার, বড় বিপদে শাহরুখ-অজয়-টাইগার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

নিষিদ্ধ পানমশলার প্রচার, বড় বিপদে শাহরুখ-অজয়-টাইগার

বিমল এলাচির বিজ্ঞাপনে শাহরুখ, অজয় ও টাইগার। ছবি: সংগৃহীত

অ অ

‘বিমল এলাচি’র বিজ্ঞাপনে অভিনয় নিয়ে মহারাষ্ট্র খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ।

গত ১১ আগস্ট মুম্বাই বিভাগের এফডিএ তিনজনকে নোটিস পাঠায়। অভিযোগ, বিজ্ঞাপনটির মাধ্যমে মহারাষ্ট্রে নিষিদ্ধ ‘বিমল পানমশলা’র পরোক্ষ প্রচার করা হয়েছে। প্রায় দেড় মাস পর তিনজনই জবাব দিয়েছেন বলে জানিয়েছেন এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে।

গত মঙ্গলবার এএনআইকে মুন্ধে বলেন, তিনজনের জবাবই এসেছে। তাঁদের মধ্যে দুজন শুনানি চেয়েছিলেন। সেই শুনানি শেষ হয়েছে এবং এফডিএ পরবর্তী পদক্ষেপ নিচ্ছে। তবে ওই দুজন কারা, তা তিনি জানাননি। 

এর আগে খবর এসেছিল, নির্ধারিত সময়ের মধ্যে একজন অভিনেতা নোটিসের জবাব দেননি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত তিনজনই নিজেদের কাজের ব্যাখ্যা দিয়েছেন।

এফডিএর অবস্থান হলো, ২০২৪ সালে প্রকাশিত বিজ্ঞাপনটিতে ‘বিমল’ ব্র্যান্ডের ব্যবহার ও পণ্য উপস্থাপনের ধরন নিষিদ্ধ পণ্যের পরোক্ষ প্রচারের প্রশ্ন তোলে। মুন্ধে আগে বলেছিলেন, কেউ তারকা হলেই আইনি দায়বদ্ধতা থেকে অব্যাহতি পান না। তাঁর ভাষ্য, এ ক্ষেত্রে তিন অভিনেতা তারকা নন, বিজ্ঞাপনদাতা হিসেবেই আইনের আওতায় পড়েন। তাই ‘আইন তার নিজস্ব গতিতে চলবে’।

খাদ্য নিরাপত্তা আইনে বিজ্ঞাপনের নির্দিষ্ট বিধি আছে বলে জানান কমিশনার। তাঁর মতে, বিজ্ঞাপনের দায় শুধু পণ্য প্রস্তুতকারকের ওপর ছেড়ে দেওয়া যায় না। কোনো পণ্য প্রচারের আগে তা যাচাই করা বিজ্ঞাপনদাতারও দায়িত্ব। এফডিএ এখন তিনজনের জবাব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

আরও পড়ুন