EN ☀️
×

Follow Us

বিনোদন

অভিনয় শিল্পী থেকে এবার গবেষণা বিজ্ঞানী মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ এএম

অভিনয় শিল্পী থেকে এবার গবেষণা বিজ্ঞানী মিথিলা

ছবি: অভিনয়শিল্পী রাফিয়াথ রশিদ মিথিলা। সংগৃহীত

অ অ

অভিনয়শিল্পী থেকে হয়েছিলেন উন্নয়নকর্মী। সেখান থেকে যাত্রা শুরু করেছিলেন দেশের বাইরে ডক্টরেট ডিগ্রি অর্জনে। সেই লক্ষ্যও পূরণ করে এবার ড. রাফিয়াথ রশিদ মিথিলা তাঁর পরিচয়ে যুক্ত করলেন নতুন মাত্রা। দেশের গণ্ডি পেরিয়ে মার্কিন মুলুকে যুক্ত হলেন নতুন কর্মস্থলে।

নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ পোস্টে ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, ব্র্যাকের চাকরি ছেড়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছেন তিনি।

 অভিনয়ের পাশাপাশি দীর্ঘ দুই দশক ধরে মিথিলা যুক্ত ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে। এখন কলাম্বিয়া ইউনিভার্সিটির নতুন পদে যুক্ত থেকে নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন এবং মূল্যায়নে নেতৃত্ব দেবেন তিনি।

মিথিলা পোস্টে উল্লেখ করেন, ‘এই উদ্যোগটি, প্রারম্ভিক শৈশব বিকাশ (ইসিডি), পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে; যেখানে একদম ছোট বাচ্চাদের (জন্ম থেকে পাঁচ বছর বয়স) পরিবারগুলোকে তাদের বেড়ে ওঠার জন্য দরকারি সব সুযোগ-সুবিধা আর পরিবেশের সাথে যুক্ত করা হয়।’

‘‘আশা করছি, আমার বৈশ্বিক অভিজ্ঞতাকে কলাম্বিয়ায় কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদার সাথে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটানো সম্ভব হবে। একই সাথে সঠিক ডেটা ও তথ্য-প্রমাণ তৈরির মাধ্যমে এই কার্যক্রমকে আরও বেগবান করা যাবে।’’

আরও একটি সুখবর জানিয়ে মিথিলা আরও জানান, ‘একই সাথে, আমি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক (সিইউএনওয়াই)-এ ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছি। আমি সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছি, যেখানে আমি শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কাজের ধারণার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।’

নিজের এই সাফল্যের খবর জানিয়ে ও সাবেক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান মিথিলা। কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা গবেষণা অবকাঠামো ও মেধাবী গবেষকদের দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিথিলা তার এই নতুন যাত্রায় সবার কাছে দোয়া চেয়েছেন।

তার ভাষ্যে, ‘আমার এই প্রফেশনাল জার্নির জন্য আমি ব্র্যাকের কাছে মনে প্রাণে কৃতজ্ঞ। কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা রিসার্চ ইনফাস্ট্রাকচার ও মেধাবী গবেষকদের টিমের সাথে কাজ করতে পারা আশা করি আমার কর্ম অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

আপাতত ক্যামেরা থেকে খানিক দূরেই আছেন এই তারকা। সর্বশেষ ২০২৪ সালে তিনি অভিনয় করেছিলেন ‘কাজলরেখা’ ও কলকাতার ‘অভাগ্য’ চলচ্চিত্রে।

আরও পড়ুন