ঢাকায় তারকোভস্কির জীবন ও চলচ্চিত্র নিয়ে বিশেষ আলোচনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: সংগৃহীত
রুশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই তারকোভস্কির জীবন, সৃষ্টিকর্ম ও চলচ্চিত্রের প্রভাব নিয়ে ঢাকায় বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ান হাউস ইন ঢাকা ও ঢাকা নিউ সিনেমার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘এ ফ্রেন্ড ইন ডায়ার টাইমস: এক্সপ্লোরিং দ্য সিনেমা অব আন্দ্রেই তারকোভস্কি’ শীর্ষক অনুষ্ঠানে তারকোভস্কির চলচ্চিত্রের ভাষা, দর্শন ও মানবিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। চলচ্চিত্রকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে মানুষের অভিজ্ঞতা, স্মৃতি ও চিন্তা প্রকাশের শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় তারকোভস্কির চলচ্চিত্রে সময়, স্মৃতি, শব্দ, নীরবতা, স্থান ও চিত্রের ব্যবহার বিশেষভাবে উঠে আসে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল চিত্র এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিওনির্ভর বর্তমান ভিজ্যুয়াল সংস্কৃতিতে তাঁর চলচ্চিত্রভাবনার প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে তারকোভস্কির স্বতন্ত্র নির্মাণশৈলী এবং বিশ্ব চলচ্চিত্রে তাঁর দীর্ঘস্থায়ী অবদান তুলে ধরা হয়। ডিজিটাল ও ভার্চুয়াল মাধ্যমের বিস্তারের এই সময়ে চলচ্চিত্রের ভূমিকা ও ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে চলচ্চিত্রের গভীরতর ভাষা ও শিল্পমূল্য নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা ও চিন্তার সুযোগ তৈরি হয়। তারকোভস্কির কাজ সেই ভাবনার পাশাপাশি মানুষের অনুভূতি, অভিজ্ঞতা ও স্মৃতিকে নতুনভাবে অনুধাবনের সুযোগ করে দেয়।
