EN ☀️
×

Follow Us

বিনোদন

নব্বই দশকের প্রেম পর্দায় ফিরিয়ে আনছে ‘মিশন ডিডিএলজে’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

নব্বই দশকের প্রেম পর্দায় ফিরিয়ে আনছে ‘মিশন ডিডিএলজে’

ছবি: মিশন ডিডিএলজি

অ অ

আশির ও নব্বইয়ের দশকের সেই সরল ও মিষ্টি প্রেমের আবহ পর্দায় ফিরিয়ে আনছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা আসিফ জাহাঙ্গীর। তাঁর পরিচালিত ৮৫ মিনিটের নতুন সিনেমা ‘মিশন ডিডিএলজে’-তে বর্তমান যুগের এক তরুণ-তরুণীর চোখে নব্বইয়ের দশকের নস্টালজিয়া ও ভালোবাসার গল্প ফুটে উঠবে।

সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় নতুন জুটি হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাদ নাওভী ও লাবণ্য চৌধুরীর। কেন্দ্রীয় চরিত্র ‘ধ্রুব’ করবেন সাদ নাওভী। চরিত্রের সঙ্গে নাওভীর যুক্তিবাদী ও রোমান্টিক স্বভাবের দারুণ মিল রয়েছে বলে জানান আসিফ। অন্যদিকে চঞ্চল স্বভাবের ‘দিয়া’ চরিত্রের জন্য কাস্টিং করা হয়েছে লাবণ্য চৌধুরীকে। যিনি চোখের অভিব্যক্তি ও চেহারা দিয়ে চমৎকার অভিনয় ফুটিয়ে তুলতে পারেন।

৮০’র দশকে জন্ম নেওয়া এবং ৯০’র দশকে বেড়ে ওঠা নির্মাতা আসিফ জাহাঙ্গীর ‘মিশন ডিডিএলজে’ সিনেমার নামকরণে অনুপ্রাণিত হয়েছেন বলিউড থেকে। শাহরুখ-কাজল জুটির কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে) থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির নামকরণ। তবে নির্মাতা স্পষ্ট জানিয়েছেন, এটি সেই সিনেমার গল্প নয়। তবে নামের পেছনে আছে এক বিশেষ ইঙ্গিত।

তাঁর নতুন চলচ্চিত্র ‘মিশন ডিডিএলজে’-তে সম্পর্কের এই জেনারেশন গ্যাপ ও বিবর্তনের গল্পটি এক অনন্য কোণ থেকে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে বর্তমান সময়ের দুই আধুনিক তরুণ-তরুণী ধ্রুব ও দিয়াকে কেন্দ্র করে। যান্ত্রিক এই সময়ে বাস করেও তারা নব্বইয়ের দশকের একটি ক্লাসিক রোমান্টিক সিনেমা দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়।

প্রযুক্তির জটিলতা ছেড়ে তারা নিজেদের বাস্তব জীবনের প্রেমকাহিনীকেও সেই চিরচেনা সরল, মিষ্টি ও স্থির ছাঁচে সাজানোর সিদ্ধান্ত নেয়। হালের এই প্রজন্মের পুরোনো আমলের প্রেমকে অনুকরণ করার এই ব্যতিক্রমী মিশন থেকেই সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘মিশন ডিডিএলজে’।

যোগাযোগের সহজলভ্যতা ও আবেগের রূপান্তর নব্বইয়ের দশকের প্রেমের স্মৃতিচারণ করে পরিচালক আসিফ জাহাঙ্গীর বলেন, ‘আমাদের সময়ে যোগাযোগ রক্ষা করাটাই একটা বড় মিশন ছিল। আর সেই অপেক্ষার কারণেই তখনকার প্রেমটা অনেক সরল, সংবেদনশীল ও মধুর হতো।’

দক্ষ পরিকল্পনা ও দ্রুত কার্যসম্পাদনের মাধ্যমে মাত্র ৪ দিনেই শেষ হয়েছে ‘মিশন ডিডিএলজে’ সিনেমার সম্পূর্ণ দৃশ্যধারণ। বর্তমান সময়ের সিনেমা নির্মাণে দীর্ঘ শিডিউলের ভিড়ে পরিচালকের এমন পেশাদার পরিকল্পনা ঢালিউডে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।

সিনেমাটির দৃশ্যধারণের জন্য ৩দিন মানিকগঞ্জের মনোরম আউটডোর লোকেশনে এবং বাকি এক দিন ঢাকার বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রগ্রহণের কাজ সফলভাবে শেষ হওয়ায় এখন দ্রুত গতিতে চলছে সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সিনেমাটি দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে কিংবা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করছে নির্মাণ দল।

আরও পড়ুন