ছবি: রানী মুখার্জির সঙ্গে তাঁর মা কৃষ্ণা মুখার্জি। সংগৃহীত
বলিউডে ও টলিউড অঙ্গনে পরিচিত মুখ, অভিনেত্রী রানী মুখার্জির মা, কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে এ মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে মৃত্যুর কারণ ও বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
যশ রাজ ফিল্মসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবাার দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন। এই কঠিন সময়ে পরিবার তাঁদের প্রতি ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন জানানোয় সবার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে এই গভীর শোকের সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হচ্ছে।’
রানী মুখার্জির জীবনে মায়ের ভূমিকা অভিনেত্রী প্রায়ই বিভিন্ন সাক্ষাতকারে তুলে ধরেন। মায়ের ইচ্ছা থেকেই অভিনয়জীবনে আসা রানীর।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে বাঙালি মায়ের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান রানী মুখার্জি। এ চরিত্রে অভিনয়ের সময় নিজের মাকেই অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন তিনি।
কৃষ্ণা মুখার্জি প্লেব্যাক গায়িকা হিসেবে বাংলা ও হিন্দি ছবিতে কাজ করেছেন। তাঁর চলচ্চিত্রে মধ্যে ‘মোমের আলো’ (১৯৬৪), ‘হাইওয়ান’ (১৯৭৭), ‘তিসরি আঁখ’ (১৯৮২) ও ‘তোমার রক্তে আমার সোহাগ’–এর (১৯৯৩) মতো ছবিতে তাঁর প্লেব্যাকের তথ্য পাওয়া যায়।
রানী মুখার্জির বাবা পরিচালক রাম মুখার্জির পরিচালিত ‘বিয়ের ফুল’ চলচ্চিত্রের মাধ্যমে রানীর চলচ্চিত্রে অভিষেক হয়। ২০১৭ সালের অক্টোবরে ৮৪ বছর বয়সে মারা যান রাম মুখার্জি।
মুখার্জি পরিবারের সঙ্গে বলিউড ও টলিউডের সম্পর্কও দীর্ঘদিনের। কৃষ্ণার বোন অভিনেত্রী দেবশ্রী রায়। রানী মুখার্জির আত্মীয়দের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী কাজল, তানিশা মুখার্জি ও পরিচালক অয়ন মুখার্জির মতো পরিচিত নাম।
২০২৬ সালে মুক্তি পেয়েছে রানী মুখার্জি অভিনীত মারদানি সিরিজের তৃতীয় কিস্তি ‘মর্দানি ৩’। যা তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি।