গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল আল্লু-দীপিকার ‘রাকা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ এএম
ছবি: অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের মুক্তির অপেক্ষায় থাকা মুভি ‘রাকা’। সংগৃহীত
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল ভারতীয় সিনেমা ‘রাকা’। দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত এ সিনেমাটির ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে নতুন রেকর্ড গড়েছে।
ভি. অরুণকুমার (অ্যাটলি) পরিচালিত প্রায় ৮০০ কোটি রুপির এই বিগ বাজেটের মুভিতে ঘটে গেছে এক প্রযুক্তিগত উৎকর্ষের ইতিহাস। রাকা’র শুটিং চলাকালে একটি দৃশ্যে একই সময়ে ৩৭ জন শিল্পীকে রিয়েল-টাইমে মোশন ক্যাপচার করা হয়।
সেই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পরিচালক অ্যাটলি ও অল্লু অর্জুনের হাতে তুলে দেওয়া হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রশংসাপত্র। প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান পিকচার্স’-এর প্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।
গিনেস রেকর্ডসে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে অল্লু অর্জুন সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের পুরো টিমের জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। পরিচালক অ্যাটলির অনন্য ভাবনা, দূরদর্শিতা ও নিখুঁত নির্দেশনা এবং পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সাফল্য কোনোভাবেই সম্ভব হতো না। এত বড় একটি প্রজেক্টে আস্থা রাখার জন্য সান পিকচার্সসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’
পরিচালক অ্যাটলিও এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কথা শুনে এসেছি। কিন্তু কখনো ভাবিনি, একদিন আমাদের নিজেদেরও এমন একটি রেকর্ড গড়ার সৌভাগ্য হবে। একটিমাত্র শুটিং সেশনে ৩৭টি চরিত্রকে মোশন ক্যাপচারের মাধ্যমে একত্রিত করার স্বীকৃতি পাওয়া সত্যিই দারুণ অনুভূতি।’
‘রাকা’ সিনেমার মুক্তির জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের সাথে এ সিনেমাটিতে অভিনয় করেছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথ।