EN ☀️
×

Follow Us

বিনোদন

দুই বছর পর মঞ্চে ফিরছে ‘অ্যানা ফ্রাঙ্ক’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

দুই বছর পর মঞ্চে ফিরছে ‘অ্যানা ফ্রাঙ্ক’
অ অ

দুই বছর পর আবারও মঞ্চে ফিরছে নাট্যদল ম্যাড থেটারের একক নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এবার পরপর দুই দিন হবে নাটকটির দুটি প্রদর্শনী। আগামী শুক্রবার ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘ভারত রঙ মহোৎসব’-এ সর্বশেষ মঞ্চস্থ হয়েছিল ‘অ্যানা ফ্রাঙ্ক’। এরপর আর নাটকটির প্রদর্শনী হয়নি। একক চরিত্রের এই নাটকে অভিনয় করেন আর্য মেঘদূত।

২০২৪ সালে উচ্চশিক্ষার জন্য দেশ ছাড়েন মেঘদূত। বর্তমানে স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে পড়াশোনা করছেন তিনি। সম্প্রতি দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে ছুটিতে দেশে ফিরেছেন। সেই সুযোগেই আবার মঞ্চে উঠছেন ‘অ্যানা ফ্রাঙ্ক’ নিয়ে।

২০২১ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নাটকটি। তখন মেঘদূত ছিলেন দশম শ্রেণির ছাত্রী। একক অভিনেত্রী হিসেবে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। এখন পর্যন্ত নাটকটির আটটি প্রদর্শনী হয়েছে।

অ্যানার ডায়েরিতে যুদ্ধের গল্প

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি ‘অ্যানা ফ্রাঙ্ক’। নাটকের গল্পে উঠে এসেছে নাৎসি জার্মানির দখলদারির সময় ফ্রাঙ্ক পরিবারের আত্মগোপনের ঘটনা।

১৯৪২ সালের ৬ জুলাই হিটলারের বাহিনীর হাত থেকে বাঁচতে অ্যানা ফ্রাঙ্কের পরিবার আশ্রয় নেয় ‘সিক্রেট অ্যানেক্সে’। পরে সেখানে যোগ দেয় অ্যানার বাবার বন্ধুর পরিবার ও একজন চিকিৎসক। ছোট্ট ও স্যাঁতসেঁতে সেই গোপন আশ্রয়ে সব মিলিয়ে আটজন মানুষকে থাকতে হয়।

এত মানুষের ভিড়ের মধ্যেও অ্যানা নিজেকে নিঃসঙ্গ মনে করত। মনের কথা বলার মতো কাউকে না পেয়ে ডায়েরির পাতাতেই নিজের অনুভূতি লিখে রাখত সে। ধীরে ধীরে সেই ডায়েরিই হয়ে ওঠে অ্যানার সবচেয়ে কাছের বন্ধু।

ঐতিহাসিক এই কাহিনিকে মঞ্চে রূপ দিয়েছেন নাট্যকার আসাদুল ইসলাম। নাটকটির নির্দেশনা দিয়েছেন আনিসুল হক বরুণ।

আরও পড়ুন