EN ☀️
×

Follow Us

বিনোদন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার অভিযোগ, অভিনেতা ১৪ দিনের রিমান্ডে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার অভিযোগ, অভিনেতা ১৪ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

অ অ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে প্রতারণা ও যৌন হেনস্তার অভিযোগে সাবেক কুস্তিগির ও অভিনেতা সৌরভ গুর্জরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তাঁকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর তাঁকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

তবে সৌরভের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হায়দরাবাদের গাচিবাউলি থানায় গত ১৫ আগস্ট ২৯ বছর বয়সী এক নারী সৌরভের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগকারী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ২০২১ সালে সৌরভের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। পরে ভারত ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই তাঁদের সম্পর্ক চলতে থাকে।

‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ২০২১ সালের ২৫ ডিসেম্বর প্রথমবার সৌরভের সঙ্গে ওই নারীর সরাসরি দেখা হয়। পরবর্তী সময়ে সৌরভ তাঁকে জানান, তিনি আগে থেকেই বিবাহিত। তবে এরপরও তাঁর সঙ্গে ভবিষ্যতে সংসার করার প্রতিশ্রুতি দিতে থাকেন বলে অভিযোগ করেন ওই নারী।

অভিযোগপত্রে ওই নারী দাবি করেন, সৌরভ তাঁকে স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়ার এবং পরবর্তী সময়ে একসঙ্গে সংসার করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি যোগাযোগ বন্ধ করে দিতেন বলে অভিযোগ করেন তিনি।

ওই নারীর আরও অভিযোগ, সৌরভ তাঁকে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করে দিতেন এবং কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই যোগাযোগ বন্ধ করে দিতেন। এতে তিনি মানসিক হয়রানি ও আবেগজনিত সমস্যার মধ্যে পড়েন বলে দাবি করেন। এমনকি সৌরভের সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে দেওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন বলে অভিযোগ তাঁর।

ওই নারী আরও জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ তাঁর সঙ্গে ছিলেন। এরপর যোগাযোগ বন্ধ করে দেন। পরে সৌরভ তাঁকে হায়দরাবাদে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করলেও সম্পর্কের জটিলতা ও বিয়ের প্রতিশ্রুতি নিয়ে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই নারী।

অভিযোগের ভিত্তিতে গাচিবাউলি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা করেছে। প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এই ধারার আওতাভুক্ত।

গাচিবাউলি থানার পরিদর্শক কে সাইদুল সৌরভের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌরভের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করা হয়েছিল।

পুলিশের দাবি, ১৭ সেপ্টেম্বর রাতে মধ্যপ্রাচ্য থেকে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা সৌরভকে গ্রেপ্তার করেন। পরে গাচিবাউলি থানার একটি দল তাঁকে হায়দরাবাদে নিয়ে যায়। ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাঁকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়।

সৌরভ গুর্জর ‘মহাভারত’ ধারাবাহিকে ভীম চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। পরে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ সিনেমাতেও ‘জোর’ চরিত্রে অভিনয় করেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

আরও পড়ুন