EN ☀️
×

Follow Us

বিনোদন

তিন অভিনেতার পর এবার পরিচালকের প্রেমে পড়েছেন যে অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

তিন অভিনেতার পর এবার পরিচালকের প্রেমে পড়েছেন যে অভিনেত্রী
অ অ

ব্যক্তিজীবনে নতুন প্রেমে জড়িয়েছেন ‘দ্য জেন্টলম্যান’ তারকা কায়া স্কোডেলারিও। তাঁর নতুন প্রেমিক ব্রিটিশ পরিচালক ও চিত্রনাট্যকার এরান ক্রিভি। এটি কায়ার চতুর্থ প্রেমের সম্পর্ক। একই সময়ে পেশাগত জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন এই ব্রিটিশ-ব্রাজিলীয় অভিনেত্রী।

কায়া ও এরানের পরিচয় কাজের সূত্রেই। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য জেন্টলম্যান-এ এরান ক্রিভি পরিচালক হিসেবে কাজ করেছেন, আর কায়া অভিনয় করেছেন সুসি গ্লাস চরিত্রে।

কিছুদিন সম্পর্কটি গোপন থাকলেও জুলাই মাসে লন্ডনের একটি উন্মুক্ত কনসার্টে তাঁদের চুম্বনরত একটি ছবি এরান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে অবশ্য ছবিটি সরিয়ে নেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, তাঁদের সম্পর্ক এখনো শুরুর পর্যায়ে আছে। একটি সূত্রের দাবি অনুযায়ী, এই গ্রীষ্মেই তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

কায়ার এর আগের তিন প্রেম

কায়ার জীবনে প্রেম ও বিচ্ছেদের গল্প তাঁর ক্যারিয়ারের মতোই আলোচিত। ক্যারিয়ারের শুরুর দিকে ‘স্কিনস’ সিরিজের সহশিল্পী জ্যাক ও‘কনেলের সঙ্গে তাঁর প্রথম প্রেম হয়, যা দুই বছরেই শেষ হয়ে যায়।

এরপর অভিনেতা এলিয়ট টিটেনসরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কও টেকেনি। ২০১৪ সালে ‘দ্য কিংস ডটার’ ছবিতে কাজ করতে গিয়ে আমেরিকান অভিনেতা বেঞ্জামিন ওয়াকারের সঙ্গে পরিচয় হয় কায়ার। পরের বছরই তাঁরা বিয়ে করেন।

১০ বছরের সেই দাম্পত্যে ছেদ পড়ে ২০২৪ সালে। এরপর কিছুদিন একা থাকার পর এ বছর শুটিংয়ে গিয়েই চতুর্থ প্রেমে পড়েন কায়া।

ক্যারিয়ারেও ভালো সময় পার করছেন কায়া

কায়ার ব্যক্তিজীবনের এই নতুন অধ্যায় এমন সময়ে এসেছে, যখন তাঁর ক্যারিয়ারও বেশ ভালো অবস্থানে। ২০০৭ সালে ‘স্কিনস’ সিরিজে এফি স্টোনেম চরিত্রে অভিনয় করে পরিচিতি পান কায়া। পরে তিনি অভিনয় করেছেন ‘দ্য মেইজ রানার’ সিরিজ, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ ও ‘উদারিং হাইটস’-এর মতো সিনেমায়।

সর্বশেষ ‘দ্য জেন্টলম্যান’ সিরিজের দ্বিতীয় মৌসুমে সুসি গ্লাস চরিত্রে অভিনয় করে আবার আলোচনায় আসেন কায়া। এই মৌসুমের গল্পে যুক্ত হয়েছে ইতালীয় অভিজাত সমাজ, নতুন অপরাধী গোষ্ঠী ও ক্ষমতার দ্বন্দ্ব।

সিরিজটি বর্তমানে আইএমডিবির মোস্ট পপুলার টিভি শোজ তালিকার শীর্ষে আছে। একই সঙ্গে কায়া নিজেও রয়েছেন আইএমডিবির ট্রেন্ডিং তারকার তালিকার শীর্ষে।

কায়ার জন্য সুখবর এখানেই শেষ নয়—‘দ্য জেন্টলম্যান’ সিরিজের তৃতীয় মৌসুমও ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। তিনি মনে করেন, এটি তাঁর ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যাবে।

একসময়ের ‘স্কিনস’ কিশোরী এফি আজ নেটফ্লিক্সের অন্যতম আলোচিত ক্রাইম সিরিজের কেন্দ্রীয় চরিত্র। বাস্তব জীবনেও দীর্ঘ দাম্পত্যের পর নতুন সম্পর্কে পা রেখেছেন তিনি।

আরও পড়ুন