‘সম্পূর্ণা পুরস্কার’ পেয়ে নারীদের যে বার্তা দিলেন সাফা কবির
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি: সাফা কবির
এক যুগের বেশি সময়ের অভিনয়জীবনে নানা অর্জনের পর এবার নতুন এক স্বীকৃতি পেলেন সাফা কবির। ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ সম্মাননা পাওয়ার পর নিজের আনন্দের কথা জানানোর পাশাপাশি নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন এই অভিনেত্রী।
সময়ের সঙ্গে কাজের ব্যস্ততা কমিয়েছেন, এখন বেছে বেছে পর্দায় হাজির হন এই অভিনেত্রী।
নারী হিসেবে নিজের সাফল্য ও পথচলার স্বীকৃতিও পেলেন সাফা। সম্প্রতি সম্পূর্ণা পুরস্কার সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এই স্বীকৃতি পেয়ে আনন্দিত অভিনেত্রী।
পুরস্কার গ্রহণের সেই আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সাফা লিখেছেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
পুরস্কার পাওয়ার আগে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন সাফা। তিনি লিখেছেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরো পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে। ঈদ উপলক্ষে প্রচারিত একাধিক নাটকে অভিনয় করেছিলেন তিনি। নাটকগুলো দর্শকের কাছ থেকে পেয়েছিল প্রশংসা ও জনপ্রিয়তা।
এরপর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ঘুরে এসেছেন এই অভিনেত্রী। দেশে ফিরলেও নতুন কোনো কাজের ঘোষণা এখনো দেননি তিনি। আপাতত কাজ থেকে কিছুটা দূরে থেকে নিজেকে সময় দিচ্ছেন সাফা।