টানা ৫ সিজনে এমি জয়, ‘হ্যাকস’ দিয়ে ইতিহাস গড়লেন জিন স্মার্ট
একই সিরিজের প্রতিটি সিজনে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে অনন্য রেকর্ড ৭৫ বছর বয়সী অভিনেত্রীর
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ এএম
ছবি: সংগৃহীত
জনপ্রিয় কমেডি সিরিজ ‘হ্যাকস’-এর মাধ্যমে টেলিভিশনের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন ৭৫ বছর বয়সী কিংবদন্তি অভিনেত্রী জিন স্মার্ট। সিরিজটির পাঁচটি সিজনের প্রতিটিতেই সেরা প্রধান অভিনেত্রী হিসেবে এমি পুরস্কার জিতে অনন্য রেকর্ড গড়েছেন তিনি।
টেলিভিশনের ইতিহাসে এটিই প্রথম ঘটনা, যেখানে কোনো অভিনয়শিল্পী একই সিরিজের প্রতিটি সিজনের জন্য সেরা অভিনয়শিল্পী হিসেবে এমি পুরস্কার পেয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ‘হ্যাকস’ সিরিজে লাস ভেগাসের কমেডিয়ান ডেবোরা ভ্যান্স চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান জিন স্মার্ট। ট্রফি গ্রহণ করতে মঞ্চে ওঠার সময় দর্শকেরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।
এই পুরস্কারের মধ্য দিয়ে ক্যারিয়ারে মোট আটটি এমি ট্রফি জিতলেন জিন স্মার্ট। একই সঙ্গে তিনি ক্লোরিস লিচম্যান ও জুলিয়া লুই-ড্রেইফাসের সঙ্গে যৌথভাবে সর্বকালের সর্বোচ্চ এমিজয়ী অভিনয়শিল্পীদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
এবারের পুরস্কারের দৌড়ে এল ফ্যানিং ও লিসা কুড্রোর মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন জিন স্মার্ট। পুরস্কারটি তিনি ‘হ্যাকস’-এর নির্মাতা লুসিয়া অ্যানিয়েলো, জেন স্ট্যাটস্কি ও পল ডব্লিউ ডাউনসকে উৎসর্গ করেন।
পুরস্কার গ্রহণের সময় আবেগঘন কণ্ঠে জিন স্মার্ট বলেন, ‘সবকিছু তাদের দিয়েই শুরু এবং শেষ হয়। কী দারুণ এক যাত্রা ছিল এটি!’
কর্মজীবনে মোট ১৫টি এমি মনোনয়ন পাওয়া জিন স্মার্ট ‘হ্যাকস’-এর আগে ‘ফ্রেজিয়ার’ ও ‘সামান্থা হু?’ সিরিজের জন্যও এমি পুরস্কার পেয়েছেন।
২০২১ সালে যাত্রা শুরু করা ‘হ্যাকস’ সিরিজটি একজন প্রবীণ কমেডিয়ান ও এক তরুণ লেখকের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত। সিরিজটি শুরু থেকেই সমালোচকদের প্রশংসা অর্জন করে। গত মে মাসে পঞ্চম সিজনের মধ্য দিয়ে এর সম্প্রচার শেষ হয়।