EN ☀️
×

Follow Us

বিনোদন

দেশে ফিরে ইতালির হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

দেশে ফিরে ইতালির হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

অ অ

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঁধন হামলাকারীদের উদ্দেশে বলেন, যারা তাকে আক্রমণ করেছে, তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়ছে। শুধু গালাগাল, স্লোগান বা পানি ছোড়ার ঘটনা নয়, তার গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বাঁধন বলেন, এ ধরনের বর্বরতা বন্ধ হওয়া উচিত। যারা অন্যের ওপর হামলা করছে, তারা নিজেদের জন্যও পরিস্থিতি অনিরাপদ করে তুলছে।

প্রবাসে থাকা রাজনৈতিক দলের সমর্থকদের দলকানা না হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, তাদের কর্মকাণ্ডের প্রভাব শেষ পর্যন্ত তাদের পরিবারকেই ভোগ করতে হবে। অথচ দলের বড় নেতারা দূর থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে সমর্থকদের উসকে দিলেও তাদের জীবনে এর প্রভাব পড়ে না।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, তারা কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠান। তাই কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকলেও সহিংসতা বা অন্ধ অনুসরণে না জড়ানোর আহ্বান জানান তিনি।

বাঁধন বলেন, ‘আপনারা দলকে ভালোবাসতে পারেন, সাপোর্ট করতে পারেন, কিন্তু আপনারা দলকানা হইয়েন না।’

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বড় একটি দল হিসেবে তাদের ভবিষ্যতের রাজনীতির জন্য একটি রূপরেখা তৈরি করতে হবে। এমন কোনো রাজনৈতিক পথ তৈরি করা উচিত নয়, যার কারণে ভবিষ্যতে তাদের লজ্জিত হতে হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে ইতালি যান বাঁধন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঘোরার সময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু প্রবাসী নেতাকর্মী তার ওপর হামলা ও হেনস্তা চালায় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার পর প্রতিকারের জন্য ইতালিতে আইনি পদক্ষেপ নিয়েছেন বলেও জানান বাঁধন।

আরও পড়ুন