সিডনি সুইনির জন্মদিন আজ, ফিরে দেখা ক্যারিয়ার
স্ট্রাগল পেরিয়ে ‘ইউফোরিয়া’ ও ‘হোয়াইট লোটাস’ দিয়ে খ্যাতির শিখরে সিডনি সুইনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
সিডনি সুইনি। ছবি: এএফপি
আজ ১২ সেপ্টেম্বর, সিডনি সুইনির জন্মদিন। ‘দ্য হাউসমেইড’ ও ‘ইউফোরিয়া’র মতো আলোচিত কাজ দিয়ে গত এক বছরে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন এই তরুণ অভিনেত্রী। তবে পর্দার নগ্ন দৃশ্য বা বিজ্ঞাপন নিয়েও প্রায়ই বিতর্কের মুখে পড়েন তিনি।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে জন্ম সিডনির। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। ১৩ বছর বয়সে পরিবার নিয়ে লস অ্যাঞ্জেলেসে যান তিনি। এরপর বহু বছর অডিশন ও প্রত্যাখ্যানের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। এ সময় পরিবারও আর্থিক সংকটে পড়ে।
২০১৯ সালে এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে বড় পরিচিতি পান সিডনি। এরপর ‘দ্য হোয়াইট লোটাস’ তাঁকে আরও আলোচনায় আনে। দুই সিরিজের জন্যই এমি মনোনয়ন পান তিনি। সিনেমায় ‘অ্যানিবডি বাট ইউ’ তাঁকে বক্স অফিসের বড় তারকা হিসেবে প্রতিষ্ঠা করে। ‘রিয়েলিটি’ ও ‘ক্রিস্টি’র মতো সিনেমায় নিজের অভিনয়প্রতিভাও প্রমাণ করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ও অন্তর্বাসের ব্র্যান্ড ‘সির্ন’ নিয়েও সক্রিয় সিডনি। ২০২৬ সালে তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ৪ কোটি মার্কিন ডলার। ব্যক্তিজীবনে সাবেক বাগদত্তা জোনাথন দাভিনোর পর এখন সংগীত ব্যবসায়ী স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে আছেন তিনি।
সামনে ‘গানডাম’, ‘দ্য হাউসমেইডস সিক্রেট’, ‘দ্য কাস্টম অব দ্য কান্ট্রি’ ও ‘স্ক্যান্ডালাস!’-এর মতো একাধিক প্রকল্পে দেখা যাবে সিডনিকে। এসবের বেশ কয়েকটির প্রযোজনাতেও যুক্ত আছেন তিনি।