ছবি: অভিনেত্রী মিমি চক্রবর্তী
আগামী ডিসেম্বরে পাহাড়ঘেরা কালিম্পংয়ে বিয়ের আসর বসতে পারে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। পাত্র হিসেবে শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির বাইরের একজন নৌসেনা কর্মকর্তার নাম। তবে মিমি বা কথিত পাত্রের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষেই জীবনের নতুন ইনিংস শুরু করতে পারেন মিমি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ মিমি চক্রবর্তীর। গতানুগতিক ছকের বাইরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের নজর কাড়েন।
এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা তাকে এনে দেয় জনপ্রিয়তা। অভিনয়ে সফলতার পর ২০১৯ সালে রাজনীতির ময়দানে পা রাখেন এবং যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হন।
বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা এবং নতুন একাধিক কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। আগামী দুর্গাপূজাতেই প্রেক্ষাগৃহে আসবে তার নতুন এই ছবি। পেশাগত এত সব ব্যস্ততার আড়ালেই নিঃশব্দে বিয়ের প্রস্তুতি চলছে বলে দাবি বিনোদন জগতের বড় একটি অংশের।