নিজেকে শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছিল: শ্রাবন্তী
তিন বিয়ে ও বিচ্ছেদের কঠিন সময়ের কথা এক সাক্ষাৎকারে খোলাখুলি বললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
নিজের জীবনের কঠিন সময়ের কথা সাক্ষাৎকারে খুলে বললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছেন, সম্পর্কে বারবার আঘাত পাওয়া তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমনকি একাধিকবার নিজেকে শেষ করে দেওয়ার কথাও তার মনে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে এসব জানান তিনি।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে হাজির হয়ে শ্রাবন্তী বলেন, “অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?”
শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে তার তিন বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাকে।
খুব অল্প বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের অভিমন্যু নামে এক ছেলে রয়েছে। বিচ্ছেদের পর থেকে সে মায়ের সঙ্গেই থাকছে।
প্রথম বিয়ের বিচ্ছেদের পর দ্রুতই মডেল কৃষাণের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। ২০১৬ সালে তাদের বিয়ে হয়। তবে এক বছরের মধ্যেই সেই দাম্পত্যেরও ইতি ঘটে।
এরপর ২০১৯ সালে অনেকটা গোপনে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কে ফাটল দেখা দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর বিচ্ছেদ সম্পন্ন হয়।
প্রেম-বিয়ে-বিচ্ছেদের বাইরেও বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়েছে। তবে এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সবসময় বলেন, তার মনোযোগ এখন মূলত কাজেই।
ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই সমালোচনার মুখে পড়েন শ্রাবন্তী। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি। পরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখা গেছে।