তিন দিনে ১ কোটি দর্শক দেখল ‘ল্যান্টার্নস’ সিরিজ, কী আছে তাতে
রহস্য, সুপারহিরো ও মানবিক গল্পের মিশেলে তৈরি ডিসির ‘ল্যান্টার্নস’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
তিন দিনে ১ কোটি দর্শক নিয়ে রেকর্ড গড়ল ডিসির সিরিজ ‘ল্যান্টার্নস’।
ডিসির সিরিজ ‘ল্যান্টার্নস’-এর তৃতীয় পর্ব প্রথম তিন দিনে বিশ্বজুড়ে দেখেছেন ১ কোটি দর্শক, যা এখন পর্যন্ত সিরিজটির সর্বোচ্চ দর্শকসংখ্যা। শুধু যুক্তরাষ্ট্রেই দর্শক ছিল ৭০ লাখ। প্রথম পর্ব দেখেছেন বিশ্বজুড়ে ২ কোটির বেশি মানুষ।
এত দ্রুত জনপ্রিয়তার প্রথম কারণ, সিরিজটি চেনা সুপারহিরো গল্পের বাইরে গিয়েছে। এখানে শুধু মহাকাশযুদ্ধ বা অতিমানবীয় শক্তি নয়, গল্পের কেন্দ্রে আছে একটি রহস্যময় হত্যাকাণ্ড। নতুন গ্রিন ল্যান্টার্ন জন স্টুয়ার্ট ও অভিজ্ঞ হ্যাল জর্ডান সেই রহস্যের তদন্তে নামেন। ফলে সিরিজে একসঙ্গে মিলেছে সুপারহিরো গল্প, ক্রাইম থ্রিলার ও রহস্যধর্মী নাটক।
দ্বিতীয় কারণ, শুধু সুপারহিরো নয়, এটি মানুষের গল্পও। তৃতীয় পর্বে উঠে এসেছে জন স্টুয়ার্টের অতীত—ছোটবেলা থেকে কীভাবে তাঁকে গড়ে তোলা হয়েছে, বাবা-মায়ের প্রত্যাশা ও কঠোর প্রশিক্ষণে তিনি কীভাবে বড় হয়েছেন। অ্যারন পিয়েরের অভিনীত জন স্টুয়ার্ট তাই শুধু শক্তিশালী সুপারহিরো নন, তাঁর ভয়, চাপ ও নিজেকে প্রমাণের লড়াইও আছে। এই মানবিক উপস্থাপনাই দর্শকের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করেছে। অন্যদিকে কাইল চ্যান্ডলারের হ্যাল জর্ডান অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করছেন।
তৃতীয় কারণ, শক্তিশালী তারকা-জুটি ও পার্শ্বচরিত্র। অ্যারন পিয়ের ও কাইল চ্যান্ডলারের সঙ্গে আছেন কেলি ম্যাকডোনাল্ড, গ্যারেট ডিলাহান্ট, পূর্ণা জগন্নাথন, জেসন রিটার ও উলরিখ থমসেন। গল্প কোনো একক নায়কের ওপর নির্ভর করে না, বরং একাধিক চরিত্র ও তাদের সম্পর্ক ধীরে ধীরে গল্পের অংশ হয়ে ওঠে।
সবচেয়ে বড় কারণ সম্ভবত ডিসি স্টুডিওসের নতুন পরিকল্পনা। জেমস গান ও পিটার সাফরানের নেতৃত্বে ডিসি তাদের সিনেমা-টিভি দুনিয়া নতুনভাবে সাজাচ্ছে, আর সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রকল্প এই ‘ল্যান্টার্নস’। নির্মাতা দলে আছেন ক্রিস মুন্ডি, ড্যামন লিন্ডেলফ ও টম কিং।
ফলাফলও চোখে পড়ার মতো—এইচবিও ম্যাক্সের ইতিহাসে সবচেয়ে বড় পাঁচটি সিরিজ উদ্বোধনের একটি এবং প্ল্যাটফর্মে ডিসি স্টুডিওসের সবচেয়ে বড় প্রিমিয়ার এখন ‘ল্যান্টার্নস’।