শিল্প কোনো পাপ নয়: অভিনেত্রী প্রভা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। এ বিষয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন প্রভা।
শিল্পকে শুধু পেশা হিসেবে দেখতে চান না এই অভিনেত্রী। তার মতে, শিল্প একটি সামাজিক মর্যাদা ও সংস্কৃতির স্তম্ভ।
প্রভা লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’
সংস্কৃতি অঙ্গনে যুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। প্রভা লিখেছেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে।’
এরপর নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’
প্রভা চান, সংস্কৃতিচর্চায় যারা আসবেন, তারা শিক্ষা ও মূল্যবোধ নিয়ে আসুন। একই সঙ্গে তাদের মধ্যে সংস্কৃতিবোধও থাকতে হবে বলে মনে করেন তিনি।
তার ভাষায়, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’
শিল্পের অন্তর্নিহিত শক্তি ও শিল্পীর মর্যাদার কথাও তুলে ধরেছেন প্রভা। তিনি বলেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি।’
শিল্পীর প্রতি অসম্মানকে সভ্যতার শিক্ষার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’