EN ☀️
×

Follow Us

বিনোদন

মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী এলসা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী এলসা

চিরবিদায় নিলেন মেক্সিকান চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এলসা অ্যাগুইরে। ছবি: সংগৃহীত

অ অ

মেক্সিকান চলচ্চিত্রের স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী এলসা অ্যাগুইরে মারা গেছেন। গত ১৪ জুলাই ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেক্সিকোর এই আইকনিক তারকা।

দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পারফর্মাস (এএনডিআই) তার মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দীর্ঘ অভিনয় জীবনে এলসা অ্যাগুইরে ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের বেশিরভাগই ছিল মেক্সিকান চলচ্চিত্র। তবে হলিউডের জগতেও মেক্সিকোর এই সুন্দরীর উজ্জ্বল পদচারণা ছিল। তিনি ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত বিশ্বখ্যাত হলিউড ক্লাসিক ‘জায়ান্ট’-এ দুর্দান্ত অভিনয় করেন। এই মহাকাব্যিক ড্রামা ঘরানার ছবিটিতে অভিনয় করেছিলেন এলিজাবেথ টেইলর ও রক হাডসন। এছাড়া এটি ছিল অকালপ্রয়াত জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস ডিনের অভিনীত শেষ চলচ্চিত্র।

এলসার দীর্ঘ রঙিন ক্যারিয়ারের শুরু হয়েছিল তার কৈশোরেই। ‘ক্ল্যাসা ফিল্মস মুন্দিয়ালেস’ নামের একটি নামী চলচ্চিত্র প্রযোজনা সংস্থার আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি প্রথম সবার নজর কাড়েন। এই রিয়েলিটি শোর সূত্র ধরেই ১৯৪৫ সালে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বিখ্যাত পরিচালক এমিলিও গোমেজ মুরিয়েল পরিচালিত ‘এল সেক্সো ফুয়ের্তে’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন এলসা। এতে তার সঙ্গে তার বোন আলমা রোসাও অভিনয় করেছিলেন। দুই বোন একসঙ্গে চলচ্চিত্রে পা রাখলেও এলসা খুব অল্প সময়ের মধ্যেই মেক্সিকোর প্রধানতম তারকাদের একজন হয়ে ওঠেন।

চলচ্চিত্রের স্বর্ণযুগ খ্যাত ১৯৪০ এবং ১৯৫০-এর দশকজুড়ে একের পর এক ক্লাসিক ছবিতে অভিনয় করেছেন তিনি। এলসা অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম হলো ‘কুইদাদো কন এল আমোর’, ‘লা মুহের কে ইও আমে’, ‘আকাপুলকো’ এবং ‘পানচো ভিলা ই লা ভ্যালেন্তিনা’। এই গুণী অভিনেত্রীর প্রস্থানে মেক্সিকোর বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন