কবি মোহন রায়হানকে নিয়ে তথ্যচিত্র ‘অগ্নিপথের কবি’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মোহন রায়হানের জীবন, সাহিত্যকর্ম, রাজনৈতিক চেতনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র ‘অগ্নিপথের কবি’। বাংলাদেশ ডকুমেন্টারি ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে তথ্যচিত্রটি নির্মাণ করছেন প্রামাণ্যচিত্র নির্মাতা মাসুদ করিম।
তথ্যচিত্রে কবির জন্ম, শৈশব, বেড়ে ওঠা, সাহিত্যজীবনের বিকাশ, রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক দায়বদ্ধতা এবং বাংলা ভাষা ও সংস্কৃতিতে তাঁর অবদান তুলে ধরা হবে। পাশাপাশি সমকালীন সাহিত্য, সমাজ ও রাষ্ট্রচিন্তায় তার প্রভাবও স্থান পাবে।
নির্মাতারা জানান, প্রথম ধাপের চিত্রগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে দৃশ্য ধারণ করা হয়েছে। পরবর্তী ধাপে কবির জন্মস্থান সিরাজগঞ্জে বাকি অংশের চিত্রগ্রহণ হবে।
তথ্যচিত্রে কবি মোহন রায়হানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে মূল্যায়ন করেছেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সদ্যপ্রয়াত বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
নির্মাতা মাসুদ করিম এর আগে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাংবাদিক ও লেখক আবদুল গাফ্ফার চৌধুরী এবং আসামের শিলচরের ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক তথ্যচিত্র ‘আসামের বাংলা ভাষা আন্দোলন’ নির্মাণ করেছেন।
আগামী ১ আগস্ট কবি মোহন রায়হানের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে ‘অগ্নিপথের কবি’-এর প্রিমিয়ার প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে। নির্মাতাদের আশা, তথ্যচিত্রটি নতুন প্রজন্মের কাছে কবি মোহন রায়হানের জীবন, সাহিত্যচর্চা, আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংরক্ষণে ভূমিকা রাখবে।