আমেরিকা-ইউরোপের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’
আগামী ৫ জুন থেকে আমেরিকা ও ইউরোপের মোট ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: সংগৃহীত
কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহ মাতানোর পর এবার বিদেশের মাটিতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’। আগামী ৫ জুন থেকে আমেরিকা ও ইউরোপের মোট ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
আমেরিকা ও ইউরোপে রকস্টার পরিবেশনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারক্রোর কর্ণধার সজীব সপ্তক জানান, প্রথম সপ্তাহে কানাডার সাতটি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের চারটি থিয়েটারে চলবে সিনেমাটি।
গত ২৮ মে কোরবানির ঈদ উপলক্ষে দেশের সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে মোট ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রকস্টার। পরিচালক আজমান রুশোর এই সিনেমায় ‘আগুন’ নামের এক রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে পর্দায় রয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক প্রমুখ।
দেশে মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও গল্প ও চিত্রনাট্যে অসামঞ্জস্যতার অভিযোগ তুলেছেন অনেকে। কেউ কেউ সিনেমাটিকে টেলিফিল্মের সঙ্গেও তুলনা করেছেন। তবে প্রশংসাও কম আসেনি।
মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় বিদেশের প্রেক্ষাগৃহে পৌঁছানো রকস্টার প্রবাসী বাংলাদেশিদের মাঝে কতটা সাড়া ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।