কারা জিতবে বিশ্বকাপ লিখে ভোট চাইলেন দিঘী
বিশ্বকাপের বাঁশি বাজার আগেই দীঘির এই অভিনব পোস্ট নেটদুনিয়ায় ফুটবলের এক দারুণ আমেজ তৈরি করেছে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:৪৬ এএম
ছবি: সংগৃহীত
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬কে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের ফিউশন জার্সিতে। জার্সির অর্ধেক অংশ আর্জেন্টিনার আকাশী-সাদা এবং বাকি অর্ধেক ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ রঙের।
ছবির ক্যাপশনে দীঘি লিখেছেন, 'ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ভাইবস। এবার এটি আগের যেকোনো সময়ের চেয়ে বড় পরিসরে হচ্ছে।' পাশাপাশি ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, '২০২৬ বিশ্বকাপ কে জিতবে?' আর্জেন্টিনার সমর্থকদের জন্য 'লাইক' এবং ব্রাজিলের সমর্থকদের জন্য 'লাভ' রিয়াক্টের অপশন রেখে ভোট দিতে আহ্বান জানান তিনি।
পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও ফুটবলপ্রেমীরা কমেন্ট বক্সে নিজ নিজ প্রিয় দলের পক্ষে সমর্থন জানাতে শুরু করেন। প্রতিক্রিয়ার বিচারে এগিয়ে রয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জার্সি একসঙ্গে পরায় কট্টর সমর্থকদের কেউ কেউ দীঘিকে খোঁচাও দিয়েছেন।
সব মিলিয়ে বিশ্বকাপের বাঁশি বাজার আগেই দীঘির এই অভিনব পোস্ট নেটদুনিয়ায় ফুটবলের এক দারুণ আমেজ তৈরি করেছে।