EN ☀️
×

Follow Us

বিনোদন

চিত্রনায়িকা ববির বাসায় দুর্ধর্ষ চুরি, মালামাল লুট

এই ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১০:১৬ পিএম

চিত্রনায়িকা ববির বাসায় দুর্ধর্ষ চুরি, মালামাল লুট

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে এই নায়িকার স্থায়ী ঠিকানার বাসায় এই চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে নগদ টাকাসহ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে গত ২৫ মে বাড়ি থেকে বের হয়েছিলেন চিত্রনায়িকা ববি। এরপর মঙ্গলবার রাতে তার গৃহপরিচারিকা তাকে মোবাইল ফোনে বাসায় চুরির বিষয়টি জানান। খবর পেয়ে ববি দ্রুত বাসায় এসে দেখতে পান তার বেডরুমের ৩টি আলমারির মধ্যে একটি খোলা রয়েছে। ভালোভাবে লক্ষ্য করে তিনি দেখতে পান, চোরেরা বেডরুমের জানালা ও বারান্দার ২টি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছিল।

বাসা তল্লাশি করে ববি জানান, তার বাসা থেকে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে— ৩০ লাখ টাকা মূল্যের ৫ জোড়া স্বর্ণের চুড়ি, ১০ লাখ টাকা মূল্যের ৭ জোড়া স্বর্ণের কানের দুল, ৩ লাখ টাকার ৩টি স্বর্ণের নেকলেস, ২ লাখ টাকার ৮টি স্বর্ণের লকেট, প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের চেইন, আড়াই লাখ টাকার ৭টি ডায়মন্ডের নাকফুল, ৪ লাখ ২০ হাজার টাকা বাজারমূল্যের ৫টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি এবং নগদ ৬ লাখ টাকা। সবমিলিয়ে মোট ৮৫ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক গণমাধ্যমকে বলেছেন, চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যাবস্থা নেবো।

আরও পড়ুন