নিউইয়র্কের মেয়রের সঙ্গে শর্টফিল্মে জায়েদ খান!
প্রবাসীদের জীবনের নানা গল্প নিয়ে নির্মিত এই প্রজেক্টটির নাম ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালিউড অভিনেতা জায়েদ খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানির কয়েকটি ছবি বেশ সাড়া ফেলেছে। শুক্রবার রাত থেকে ছবিগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা-সমালোচনা চললেও, অবশেষে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন অভিনেতা নিজেই।
একটি পোস্টারে দেখা গেছে, জায়েদ খানের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মেয়র জোহরান মামদানি। ছবিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জায়েদ খান ক্যাপশনে লিখেছিলেন, ‘আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’
যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমকে জায়েদ খান জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রবাসীদের জীবনের নানা গল্প নিয়ে নির্মিত এই প্রজেক্টটির নাম ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন। মূলত প্রবাসী বাংলাদেশিদের জীবন সংগ্রাম ও অভিজ্ঞতার পটভূমিতে এটি নির্মিত হয়েছে।

পরিচালনা সূত্র জানায়, এই সিরিজের প্রথম পর্বটি চলতি বছরের গত মার্চ মাসে মুক্তি পেয়েছিল। আর জায়েদ খান ও মেয়র জোহরান মামদানি অভিনীত দ্বিতীয় পর্বটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’- এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মুক্তি পাবে।
বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের মেয়রের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা জানিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান বলেন, ‘জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা শুধু আমার ব্যক্তিগত গর্ব নয়, আমি মনে করি, এটি বাংলাদেশের লাল-সবুজ পতাকারও গর্ব।’
মেয়রের বিনয়ী আচরণের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে পরিচিত একজন জনপ্রিয় ও প্রভাবশালী মেয়র হওয়া সত্ত্বেও জোহরান মামদানি শুটিং সেটে ছিলেন অত্যন্ত আন্তরিক। অভিনয়ের সময় তিনি বারবার পরিচালকের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করেছেন। কাজটি করতে গিয়ে মনে হয়েছে, তিনি পুরো বিষয়টি বেশ উপভোগ করেছেন।’