ফেসবুকে ৩০ সেকেন্ডের ভিডিও দিয়ে আলোচনায় পরীমনি
নিজের ফেসবুক পেজে মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম
দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর আবারও আলোচনায় এলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গতকাল শুক্রবার নিজের ফেসবুক পেজে মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের মাত্র ২০ ঘণ্টার মধ্যে ১৩ লাখের বেশি ভিউ এবং হাজার হাজার মন্তব্য জমা পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে পরীমনিকে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে। তার এই নতুন লুক ও সাহসী উপস্থাপনা নজর কেড়েছে ভক্তদের। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে প্রশংসার পাশাপাশি বরাবরের মতোই ধেয়ে এসেছে নেতিবাচক মন্তব্যও। অনেকে তার পোশাক ও উপস্থাপনা নিয়ে সমালোচনা করলে পরীমনি নিজেও পাল্টা জবাব দিতে ছাড়েননি।
২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন পরীমনি। তবে এরপর ব্যক্তিগত ব্যস্ততা ও সন্তানকে সময় দেওয়ার কারণে নতুন কোনো কাজে তাকে নিয়মিত দেখা যায়নি। শান্ত সময় কাটিয়ে আবারও ছন্দে ফিরছেন এই অভিনেত্রী।
পরীমনিকে সর্বশেষ দেখা গেছে ওপার বাংলার সিনেমা ‘ফেলুবক্সী’-তে। তবে তার ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগিরই তাকে দেখা যাবে গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এছাড়া সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’ সিনেমাটিও এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।