EN ☀️
×

Follow Us

বিনোদন

অরিজিতের পথেই কি হাঁটছেন শ্রেয়া? যে বার্তা দিলেন গায়িকা

অরিজিতের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শ্রেয়া জানিয়েছেন, মাঝেমধ্যে তাঁরও গান থেকে দীর্ঘ বিরতি নিতে ইচ্ছে করে

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৫০ এএম

অরিজিতের পথেই কি হাঁটছেন শ্রেয়া? যে বার্তা দিলেন গায়িকা
অ অ

বছরের শুরুতেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। সেই রেশ কাটতে না কাটতেই এবার প্রায় একই সুরে কথা বললেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রেয়া ঘোষাল। অরিজিতের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শ্রেয়া জানিয়েছেন, মাঝেমধ্যে তাঁরও গান থেকে দীর্ঘ বিরতি নিতে ইচ্ছে করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সহকর্মী অরিজিৎ সিং প্রসঙ্গে শ্রেয়া বলেন, ‘অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। ও মন থেকে একজন প্রকৃত শিল্পী। গান থেকে কী উপার্জন হলো, সেটা ও কখনো ভাবে না। ও কেবল সেটাই করে, যা ওকে মানসিক প্রশান্তি দেয়।’

অরিজিতের সংগীতদর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গায়িকা আরও বলেন, ‘সংগীতের প্রতি অরিজিতের এই গভীর মমতা ও সততাই শ্রোতাদের সঙ্গে তাঁর যোগসূত্র তৈরি করে দিয়েছে। তাঁর কাছে গান সবকিছুর ঊর্ধ্বে। অরিজিতের এই সিদ্ধান্ত আমাকেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।’

শুধু বিরতির ইচ্ছাই নয়, বর্তমান সময়ের ‘লিপ সিঙ্ক’ বা স্টেজে ঠোঁট মেলানোর সংস্কৃতি নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন শ্রেয়া। তিনি সাফ জানিয়ে দেন, যেদিন তাঁকে বাধ্য হয়ে এমন কিছু করতে হবে, সেদিনই তিনি গান ছেড়ে দেবেন। এ ছাড়া ভবিষ্যতে ‘চিকনি চামেলি’র মতো চটুল লিরিকের গানে কণ্ঠ না দেওয়ার ব্যাপারেও নিজের অনড় অবস্থানের কথা জানান তিনি।

শ্রেয়া ও অরিজিৎ অসংখ্য জনপ্রিয় গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের ক্লান্তি নাকি সমসাময়িক সংগীত ভাবনার পরিবর্তন—ঠিক কী কারণে শ্রেয়া এমন মন্তব্য করলেন, তা নিয়ে এখন ভক্তদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। অরিজিতের মতো তিনিও কি তবে প্লেব্যাককে বিদায় জানাতে চলেছেন? সেই উত্তর এখন সময়ের হাতে।

আরও পড়ুন