জামায়াতের গানে শাকিব খান, ভাইরাল ভিডিওর পেছনের সত্য কী
শাকিব খানের নামে ছড়ানো ভিডিওটি এআই-এর কারসাজি; বিদেশে শুটিংয়ে থাকা নায়ককে নিয়ে ডিজিটাল ষড়যন্ত্রের জাল।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটো কার্ড ও ভিডিয়ো ঘিরে তীব্র আলোচনা তৈরি হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান জামায়াতে ইসলামীর একটি গানে অভিনয় করেছেন এবং ভোটের পক্ষে প্রচারে অংশ নিয়েছেন। ফটো কার্ডটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নামে ছড়ানো হলেও বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে শুরু থেকেই।
ভাইরাল হওয়া ওই কার্ডের সঙ্গে একটি লিংক সংযুক্ত রয়েছে। লিংকে প্রবেশ করলে দেখা যায় একটি ভিডিয়ো, যেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন এবং তার পাশেই দাঁড়িয়ে আছেন শাকিব খানের মতো দেখতে একজন ব্যক্তি। ভিডিয়োর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন শাকিব খান একটি রাজনৈতিক গানের অংশ হয়েছেন।
তবে পুরো ভিডিয়োটি গভীরভাবে পর্যবেক্ষণ করে জানা যায়, এটি বাস্তব কোনো দৃশ্য নয়। প্রযুক্তিগত বিশ্লেষণে স্পষ্ট হয়েছে- ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি। মুখের নড়াচড়া, আলো–ছায়ার অসামঞ্জস্য এবং কণ্ঠস্বরের অস্বাভাবিকতা থেকেই বোঝা যায়, এটি একটি ডিজিটালভাবে নির্মিত কনটেন্ট।
উদ্বেগজনক বিষয় হলো, ভিডিয়োটির কমেন্ট সেকশন ঘেঁটে দেখা গেছে- অনেক দর্শকই এটিকে সত্য ধরে নিচ্ছেন। ফলে বিভ্রান্তি আরও ছড়িয়ে পড়ছে।
শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই ধরনের কোনো ভিডিয়ো বা গানের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এতে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া প্রচারণা।
এদিকে জানা গেছে, শাকিব খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ঈদ উপলক্ষ্যে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করার পর তিনি স্বল্প বিরতিতে রয়েছেন এবং এরপরই নতুন সিনেমা ‘রকস্টার’- এর কাজ শুরু করবেন।
বিশ্লেষকদের মতে, জনপ্রিয় তারকাদের মুখ ব্যবহার করে এআই-নির্ভর ভুয়া ভিডিয়ো তৈরি করে রাজনৈতিক বা সামাজিক বিভ্রান্তি ছড়ানো একটি নতুন ও বিপজ্জনক প্রবণতা। এ ধরনের কনটেন্ট যাচাই না করে বিশ্বাস করলে সাধারণ মানুষ সহজেই ভুল তথ্যের শিকার হতে পারে।