EN ☀️
×

Follow Us

শিক্ষা

৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিনার, ১৫০০ সমঝোতা স্মারক স্বাক্ষর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিনার, ১৫০০ সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়াতে গত আট মাসে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। এ সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫০০টির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বাস্তবায়নে এ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব তথ্য জানান। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ব্রিজিং নলেজ উইথ ইন্ডাস্ট্রি ফর আ সাসটেইনেবল ফিউচার’।

অধ্যাপক ড. মামুন বলেন, শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, সেগুলোর কার্যকর বাস্তবায়নও জরুরি। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এ জন্য শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের অতিথি শিক্ষক হিসেবে যুক্ত করা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং যৌথ গবেষণায় গুরুত্ব দিতে হবে। 

তিনি জানান, প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি লিয়াজোঁ সেল গঠন এবং নিয়মিত চাকরি মেলার আয়োজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি স্নাতক পর্যায়ে তিন থেকে ছয় মাসের বেতনসহ ইন্টার্নশিপ শিক্ষাক্রমের অংশ করার পরিকল্পনা রয়েছে।

ইউজিসি সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়কে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা বাড়লে নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিল্পের উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বাড়বে। এতে জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর।

আরও পড়ুন