১ম শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ১ ডিসেম্বর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত
২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীসহ সারা দেশের সব বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আগ্রহীরা শুধুমাত্র অনলাইনে http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা কেবল টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
প্রথম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে।
ডাবল শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো প্রার্থী উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে। তবে একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার নির্বাচন করা যাবে না।
বেসরকারি স্কুল ভর্তি নীতিমালা-২০২৭ অনুযায়ী বিভিন্ন কোটা এবং ক্যাচমেন্ট এরিয়া (এলাকাভিত্তিক কোটা) যথাযথভাবে নিশ্চিত করতে হবে।
আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্ব-স্ব প্রতিষ্ঠানের ভর্তি কমিটির মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় লিখিত পরীক্ষা গ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ বিদ্যালয়ের শূন্য আসন সংখ্যা এবং আবেদন ফরম জমার সুস্পষ্ট তারিখ ও সময় উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া অনলাইন আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাউশির ওয়েবসাইট (www.dshe.gov.bd-এর সেকেন্ডারি সার্কুলার/অর্ডার অংশ) এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) পাওয়া যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে এবং ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক তত্ত্বাবধানে পুরো ভর্তি কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে।