EN ☀️
×

Follow Us

শিক্ষা

আশ্রয়ের খোঁজে জাবিতে পাখি, তবুও কেন অনিরাপদ ওরা?

ইমন ইসলাম, জাবি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

আশ্রয়ের খোঁজে জাবিতে পাখি, তবুও কেন অনিরাপদ ওরা?

জাবির লেকে উড়ে আসা পরিযায়ী পাখির দল। ছবি: সনি রামানি

অ অ

শীতের আগমনী বার্তায় প্রতি বছরের মতো এবারও হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জলাশয়গুলোতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। প্রাণ বাঁচাতে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা এসব রঙিন পাখির কলতানে ক্যাম্পাসে তৈরি হয়েছে এক মনোরম পরিবেশ।

তবে পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে ক্যাম্পাসে পরিযায়ী পাখির আগমন আশঙ্কাজনক হারে কমেছে। শিক্ষার্থীদের উদ্যোগে লেকের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কিছুটা ইতিবাচক পরিবর্তন এলেও, দর্শনার্থীদের অসচেতনতা ও আবাসস্থল সংকটের কারণে পাখিগুলোর নিরাপদ বিচরণ নিয়ে শঙ্কা কাটছে না।

কেন জাবিতে ছুটে আসে পরিযায়ী পাখি?

পাখি বিশেষজ্ঞদের মতে, পরিযায়ী পাখিরা মূলত উত্তর মঙ্গোলিয়া, তিব্বতের একটি অংশ, চীনের কিছু অঞ্চল এবং রাশিয়া ও সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল থেকে আসে। শীতকালে এসব অঞ্চলে তীব্র ঠান্ডা পড়ে এবং বরফে সব ঢেকে যাওয়ায় চরম খাদ্য সংকট দেখা দেয়। জীবন বাঁচানোর তাগিদে ১০ থেকে ১১ হাজার কিলোমিটার পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওরা বাংলাদেশ ও ভারতের মতো তুলনামূলক উষ্ণ অঞ্চলে ছুটে আসে।

শীত মৌসুমে বাংলাদেশের জলাশয়গুলোতে পানি কমে যাওয়ায় কচিপাতা, শামুক ও ঝিনুকসহ পাখিদের প্রিয় খাবার সহজলভ্য হয়ে ওঠে। জাবির সবুজ প্রকৃতি ও শান্ত জলাশয়গুলো এই সময়ে ওদের জন্য আদর্শ আবাসস্থল হিসেবে গড়ে ওঠে, যা মার্চের শেষ নাগাদ গরম পড়তে শুরু করলে আবার নিজ ঠিকানায় ফিরে যায়।

কোন প্রজাতির পাখি আসে জাবিতে?

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও জরিপ অনুযায়ী, ১৯৮৫-৮৬ সাল থেকে এ পর্যন্ত জাবি ক্যাম্পাসে প্রায় ২১০ প্রজাতির পাখি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১২৬টি দেশি এবং বাকিগুলো পরিযায়ী। শীত মৌসুমে সাধারণত ২০ থেকে ২৫ প্রজাতির পরিযায়ী পাখি জাবির জলাশয়গুলোকে দিনের বেলার নিরাপদ বিশ্রামস্থল হিসেবে ব্যবহার করে।

ক্যাম্পাসে আসা পরিযায়ী পাখিদের বড় অংশই হাঁস ও জলচর প্রজাতির। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় পাতি সরালি। এছাড়াও বড় সরালি, পাতারি হাঁস, খুনতে হাঁস, জিরিয়া হাঁস, ভুতি হাঁস, লেঞ্জা হাঁস, ফুলুরি হাঁস, ইউরেশীয় সিঁথি হাঁস, জলপিপি, শামুকখোল ও পানকৌড়িসহ নানা প্রজাতির পাখির দেখা মেলে। তবে আবাসস্থল সংকুচিত হওয়ায় নাকতা হাঁস ও বালিহাঁসের মতো বেশ কিছু প্রজাতির দেখা এখন আর আগের মতো মেলে না।

গত কয়েক বছরে কতটা কমেছে পাখির সংখ্যা?

জাবির প্রাণিবিদ্যা বিভাগের বার্ষিক পাখিশুমারির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত কয়েক বছরে ক্যাম্পাসে পরিযায়ী পাখির সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে। জরিপের তথ্যমতে, ২০১৯-২০ শীত মৌসুমেও ক্যাম্পাসের লেকগুলোতে প্রায় ৬ থেকে ৭ হাজার পরিযায়ী পাখির সমাগম ঘটেছিল। কিন্তু পরবর্তী বছরগুলোতে এই সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকে। গত তিন মৌসুমে পাখির সংখ্যা নেমে আসে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজারের কোঠায়। সর্বশেষ ২০২৫-২৬ শীত মৌসুমে তা আরও কমে মাত্র ১ হাজার ৫০০ থেকে ২ হাজারে দাঁড়ায়।

একসময় ক্যাম্পাসের অন্তত ৬ থেকে ৮টি লেকে পাখির অবাধ বিচরণ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে কেবল ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের (ডব্লিউআরসি) ভেতরের লেক এবং পরিবহন চত্বরসংলগ্ন লেকের মতো গুটিকয়েক জলাশয়েই পাখি সীমাবদ্ধ হয়ে পড়েছে।

বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে শিক্ষার্থীদের উদ্যোগ

গত দুই বছর ধরে ক্যাম্পাসের লেকগুলোর পরিবেশগত নানা সমস্যার কারণে পাখির আগমন ব্যাহত হচ্ছিল। পরিবেশবিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী অরিত্র সাত্তার জানান, আগে লেক পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার পাশাপাশি জলজ বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট হতো। এই সমস্যা সমাধানে ‘ওয়েব্রেকার’ নামের একটি প্রকল্পের মাধ্যমে পরিবহন লেকে শাপলা ও টোপাপানাসহ জলজ উদ্ভিদ রোপণ এবং পানির নিচের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কাজ করা হয়েছে। পাশাপাশি জাকসুর সহযোগিতায় মৌসুমের শুরুতেই লেকগুলো পরিষ্কার করা হয়। এর সুফল হিসেবে চলতি মৌসুমের শুরুতেই (অক্টোবরে) ক্যাম্পাসের লেকগুলোতে প্রায় পাঁচ শতাধিক পরিযায়ী পাখির দেখা মিলেছে।

তবুও কেন অনিরাপদ ওরা?

পাখিদের জন্য অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা চললেও মানুষের অসচেতনতা ও কিছু অব্যবস্থাপনার কারণে লেকগুলোতে ওরা স্বস্তিতে থাকতে পারছে না। এর পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে:

• অবাধ জনসমাগম ও কোলাহল: লেকের চারপাশে পর্যাপ্ত বেড়ার অভাব এবং গাছপালা কমে যাওয়ায় দর্শনার্থীরা সহজেই লেকের একদম কিনারে চলে যাচ্ছেন। অনেকে পাখির খুব কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করেন বা লেকের পাড়ে ভিড় জমান। এতে পাখিগুলো ভয় পেয়ে উড়ে যাচ্ছে এবং স্থায়ীভাবে বসতে পারছে না।

• জলজ উদ্ভিদ নষ্ট করা: সম্প্রতি লেকে নতুন করে শাপলা জন্মাতে শুরু করলেও দর্শনার্থীদের অনেকেই তা তুলে নিয়ে যাচ্ছেন। এর ফলে পাখির প্রাকৃতিক আবাস ও খাদ্যের উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে।

• দূষণ ও পলি জমা: কিছু লেক পলি জমে ভরাট হয়ে যাচ্ছে এবং পরিবহন লেকে এখনো কিছুটা দূষণ রয়েছে, যা পাখির দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য প্রতিকূল।

ক্যাম্পাসে ঘুরতে আসা এক দর্শনার্থী রাফি আহমেদ বলেন, ‘অনেকেই পাখির খুব কাছ থেকে ছবি তুলতে গিয়ে চিৎকার করেন বা ঢিল ছোড়েন। সচেতনতার অভাবেই মূলত পাখিগুলো বিরক্ত হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘পাখিগুলোর উপস্থিতিতে ক্যাম্পাসে অন্য রকম এক সৌন্দর্য তৈরি হয়। কিন্তু মানুষের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ করা না গেলে ওরা এখানে নিরাপদ বোধ করবে না।’

সমাধানের পথ ও প্রশাসনের পরিকল্পনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বিষয়টিকে দেখছেন গভীর উদ্বেগের চোখে। তাঁর মতে, সবুজায়ন নষ্ট করে অপরিকল্পিতভাবে ভবন গড়ে তোলায় পাখিদের স্বাভাবিক ওড়ার পথ বা ‘ফ্লাইং জোন’ মারাত্মক হুমকির মুখে পড়েছে। 

ক্যাম্পাসের লেক ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আবাসিক হলগুলোর অপরিশোধিত পয়োবর্জ্য লেকে ফেলা বন্ধ করতে হবে। পাশাপাশি কচুরিপানার অনিয়ন্ত্রিত বিস্তার নিয়ন্ত্রণ, পলি জমে ভরাট হওয়া লেক খনন এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ জলাশয়গুলোকে বাণিজ্যিক ইজারার বাইরে রাখতে হবে।’ 

এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বতন্ত্র ‘প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ গঠনের সুপারিশ করেন তিনি। বিশেষ করে পুরাতন পরিবহন লেক, বিশমাইলের পেছনের লেক, জিমনেসিয়াম ও বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন এলাকা এবং চৌরঙ্গীর পাশের বড় পুকুরটি সংরক্ষণের ওপর তিনি জোর দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সোহেল রানা জানান, লেকের পাড় সংরক্ষণ, খনন এবং হাঁটাপথ নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে। সাধারণ কিছু পুকুর ইজারা দেওয়া হলেও, পরিযায়ী পাখির জন্য গুরুত্বপূর্ণ লেকগুলো প্রশাসনের নিজস্ব নিয়ন্ত্রণে রেখে সংরক্ষিত অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, জাবির জলাশয়গুলোকে পরিযায়ী পাখিদের জন্য সত্যিকারের নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসনের পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের সচেতনতা জরুরি। তবেই হাজার মাইল পাড়ি দিয়ে আসা এই অতিথিরা নির্ভয়ে ডানা মেলতে পারবে।

আরও পড়ুন