EN ☀️
×

Follow Us

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য হীরকজয়ন্তী উৎসব আজ

ডেইলি সান রিপোর্ট, শিক্ষা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য হীরকজয়ন্তী উৎসব আজ

হীরকজয়ন্তী উপলক্ষে উৎসবের সাজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছয় দশকের পথচলার পূর্ণতা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও শুভানুধ্যায়ীদের মিলিয়ে প্রায় দেড় লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

আয়োজন ঘিরে ২ কোটি ৬২ লাখ টাকার বাজেটে নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবের প্রস্তুতির অধিকাংশ কাজ শেষ পর্যায়ে রয়েছে। পুরো আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস।

বিশ্ববিদ্যালয় দিবসের দিন সকাল ১০টায় উপাচার্যের উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় খেলার মাঠের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে কেক কাটা ও আলোচনা সভা। এতে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

থাকবে সাবেকদের স্মৃতিচারণের আয়োজন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমসসহ অন্যান্য শিল্পীরা।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শুরুতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করার পরিকল্পনা থাকলেও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তা চূড়ান্ত হয়নি। পরিবর্তিত সূচি অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী।

উৎসবে অংশ নিতে সাবেক শিক্ষার্থীদের এক হাজার টাকা দিয়ে নিবন্ধন করতে হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধন করেছেন ৬ হাজার ৫৪৭ জন। তাঁদের মধ্যে ৪ হাজার ৬৬০ জন চূড়ান্তভাবে নিবন্ধন ফি পরিশোধ করেছেন। অন্যদিকে, বর্তমান শিক্ষার্থীদের জন্য কোনো নিবন্ধন ফি রাখা হয়নি।

অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনায় এবার বিভাগভিত্তিক বুথের পরিবর্তে ব্যাচভিত্তিক বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় খেলার মাঠের চারপাশে এসব বুথ স্থাপন করা হবে। প্রতি ৫০০ জন সাবেক শিক্ষার্থীর জন্য থাকবে একটি বুথ।

সেখান থেকেই তাঁদের সকালের নাশতা, দুপুরের খাবার ও উপহারসামগ্রী সরবরাহ করা হবে। উপহারসামগ্রীর মধ্যে থাকবে স্মারকগ্রন্থ, কোট পিনসহ বিভিন্ন সামগ্রী।

অন্যদিকে, বর্তমান শিক্ষার্থীদের জন্য থাকবে টি-শার্ট। তাঁদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে নিজ নিজ আবাসিক ও সংযুক্ত হলে।

পুরো আয়োজন বাস্তবায়নে উপাচার্যের নেতৃত্বে কাজ করছে একাধিক কমিটি। বাজেট কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। প্যান্ডেল ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম এবং খাদ্য কমিটির আহ্বায়ক ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন।

ক্যাম্পাসে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা এবং অস্থায়ী ওয়াশরুম স্থাপন করা হচ্ছে। অনুষ্ঠান শেষে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের বের হওয়ার সময় যানজট ও বিশৃঙ্খলা এড়াতে গাড়ি পার্কিং এবং যাতায়াতের জন্য বিশেষ রোডম্যাপ তৈরির কাজ করছে প্রক্টরিয়াল বডি ও পরিবহন কমিটি।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, হীরকজয়ন্তী উপলক্ষে নিবন্ধন ও অর্থ পরিশোধের প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য বিশেষ গিফট হ্যাম্পারের ব্যবস্থা রাখা হয়েছে। এর ভেতরে থাকা উপহারসামগ্রীতেই থাকবে মূল চমক।

আরও পড়ুন