EN ☀️
×

Follow Us

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্বিক সংকট নিরসন ও দাবিদাওয়া পূরণ করা অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন,  উপাচার্য আমাকে বেশ কিছু সংকটের কথা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব সমাধানের চেষ্টা করা হবে।

সাথে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রনিক বাস দেয়ার প্রতিশ্রতি দেন মন্ত্রী। ২০২৬-২৭ অর্থবছরে অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়ামের জন্য শিগগিরই বাজেট দেওয়া হবে বলেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত বিভাগীয় এই বিশ্ববিদ্যালয়টির সকল সংকট দ্রুত সমাধান করা হবে।

পরবর্তীতে আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেয়া হবে বলে জানান মন্ত্রী। এসময় শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তার হাঁটতে আমার ভালো লাগেনি। আমরা চেষ্টা করবো দ্রুত সময়ে পাকা রাস্তার ব্যবস্থা করবো। 

শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন,‘‘২০০১-২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, এখন সেখানে নেই। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, সরকার ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছে।’’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনায় কোনো ধরনের অসাধুতা রাখা যাবে না। মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ হয়ে গেছে জানিয়ে তিনি আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তা নেওয়ার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, এখন জ্ঞানভিত্তিক পড়াশোনা করতে হবে এবং সেই জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে জানতে হবে। আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

আরও পড়ুন