EN ☀️
×

Follow Us

শিক্ষা

পূর্বঘোষিত ৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

পূর্বঘোষিত ৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর থেকেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

সোমবার (৯ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আবেদনের সময়সীমা ও ভর্তি পরীক্ষার আগের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

ঢাবির উপ-উপাচার্য আলমেজাদ্দেদি আলফেছানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষার আগের সময়সূচি বহাল রাখার বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ঢাবির নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তির আবেদন করতে পারবেন। তাঁদের ফল ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।

এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রাখা হলেও কয়েকটি অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগের ক্ষেত্রে ভর্তির শর্ত শিথিল করা হয়েছে। এসব বিভাগের পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিকের কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেড কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন