১০ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার, অকৃতকার্য প্রায় ৪৮ শতাংশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত ১০ বছরের মধ্যে এ বছরই সর্বনিম্ন পাসের হার। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।
আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বিএনপি সরকারের আমলে এবারই প্রথম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলো।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত এক দশকে এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় আর দেখা যায়নি। ২০১৬ সালে পাসের হার ছিল ৭২ শতাংশ। ২০১৭ সালে তা কমে হয় ৬৬ দশমিক ৬৭ শতাংশ এবং ২০১৮ সালে ৬৪ দশমিক ৬৭ শতাংশ। ২০১৯ সালে পাসের হার ছিল ৭২ শতাংশ।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ওই বছর সব পরীক্ষার্থীকে অটোপাস দেওয়া হয়। ফলে পাসের হার ছিল ১০০ শতাংশ। এরপর ২০২১ সালে পাসের হার ছিল ৯৫ দশমিক ৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪ দশমিক ৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫ দশমিক ৫৬ শতাংশ।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে পাসের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। এবার তা আরও কমে ৫২ দশমিক ১২ শতাংশে নেমে এসেছে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd থেকে ফল জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফল জানা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।