এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ এএম
ছবি: সংগৃহীত
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্ত্রীর ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবে। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
পুনর্নিরীক্ষণের আবেদন
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।