EN ☀️
×

Follow Us

শিক্ষা

বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

বাসস

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম

বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
অ অ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বক্তব্যে তার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’। অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক স্পষ্টীকরণ বিবৃতিতে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, বাউবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থীর ডিগ্রি অর্জনকে স্বাগত জানিয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও অর্জনকে উৎসাহিত করা।

সমাজে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয় উল্লেখ করে তিনি বলেন, তাদের অনেকে অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হন। এসব বাধা পেরিয়ে শিক্ষার পথে তাদের এগিয়ে আসার বিষয়টিই ছিল বক্তব্যের মূল কথা।

শব্দ ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন। সেখানে তার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।

দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল কেবল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ এবং তাদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ওই বক্তব্যে ব্যবহৃত একটি শব্দ নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা নিরসনেই তিনি এ স্পষ্টীকরণ বিবৃতি দেন।

আরও পড়ুন