সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
আগামী দুই বছরের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সেবা অনলাইনে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, সব বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট, ওয়াই-ফাই ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করে ডিজিটাল শ্রেণিকক্ষ চালু করা হবে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্য রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ভর্তি, ফি জমা, আবাসিক হলের আসনসংক্রান্ত তথ্য এবং একাডেমিক ও প্রশাসনিক সেবা অনলাইনে দেওয়া হবে। পড়াশোনা শেষে সনদ সংগ্রহের জন্যও শিক্ষার্থীদের যেন বারবার বিশ্ববিদ্যালয়ে যেতে না হয়, সে ধরনের ব্যবস্থা গড়ে তোলা হবে।
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বাড়াতে পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে। এ জন্য অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় করা হবে।
বিশ্ববিদ্যালয়ে দক্ষ শিক্ষকের ঘাটতি কমাতে প্রযুক্তির মাধ্যমে এক প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করার প্রস্তাবও দেন ইউজিসি চেয়ারম্যান। বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের দক্ষতা কাজে লাগানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এ ছাড়া ভর্তি, হিসাব, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং বৃত্তির কাজ সহজ করতে সমন্বিত সফটওয়্যার ও অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই ধরনের নতুন সফটওয়্যার তৈরির বদলে বিদ্যমান ব্যবস্থাগুলো সমন্বয় করে কাজে লাগানোর বিষয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে ইউজিসি।
কর্মশালায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বক্তব্য দেন।
-6aca7fb4a9e38.jpg)