EN ☀️
×

Follow Us

শিক্ষা

রাশিয়ায় বিনা টিউশন ফিতে পড়ার সুযোগ, আবেদন ১ নভেম্বর পর্যন্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

রাশিয়ায় বিনা টিউশন ফিতে পড়ার সুযোগ, আবেদন ১ নভেম্বর পর্যন্ত
অ অ

রাশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা টিউশন ফিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ গবেষকেরা। এ জন্য তাদের ‘ওপেন ডোরস: রাশিয়ান স্কলারশিপ প্রজেক্ট অলিম্পিয়াডে’ অংশ নিতে হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের এই কর্মসূচিতে নিবন্ধনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬।

বৃহস্পতিবার ঢাকার রাশিয়ান হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং রসোট্রুদনিচেস্টভোর সহযোগিতায় অ্যাসোসিয়েশন অব গ্লোবাল ইউনিভার্সিটিজ এ আন্তর্জাতিক একাডেমিক প্রতিযোগিতার আয়োজন করছে। এতে চারটি বিভাগ রয়েছে—স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল ও পোস্টডক্টরাল। মোট ১৪টি বিষয়ে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। বিষয়গুলোর মধ্যে আছে প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, অর্থনীতি ও মানবিক বিদ্যা।

প্রতিযোগিতায় সফল প্রার্থীরা যোগ্যতাসম্পন্ন শিক্ষাক্রমে বিনা টিউশন ফিতে ভর্তির সুযোগ পেতে পারেন। এসব শিক্ষাক্রম ইংরেজি ও রুশ ভাষায় পরিচালিত হয়। রুশ ভাষায় পড়ানো স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামের বিজয়ীরা সরকারি অনুদানের সুবিধাও পেতে পারেন। শর্ত অনুযায়ী, এসব সুবিধার মধ্যে রয়েছে যাতায়াতের খরচ, আবাসন, চিকিৎসাবিমা ও মাসিক ভাতা।

পোস্টডক্টরাল পর্যায়ের অংশগ্রহণকারীরা বিশিষ্ট বিজ্ঞানীদের তত্ত্বাবধানে উন্নত গবেষণার সুযোগ পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালে চালুর পর থেকে এ অলিম্পিয়াডে ২০০টির বেশি দেশের ছয় লাখ ১৮ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। এ পর্যন্ত ১৬ হাজার ৭০০ জনের বেশি বিজয়ী ও রানারআপ নির্বাচিত হয়েছেন।

আগ্রহী প্রার্থীরা [অলিম্পিয়াডের আনুষ্ঠানিক ওয়েবসাইটে](https://od.globaluni.ru) নিবন্ধন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সহায়তা দিতে ঢাকার রাশিয়ান হাউস প্রতি সোমবার ও বৃহস্পতিবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে পরামর্শসেবা দিচ্ছে। এতে বিষয় নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। পরামর্শসেবার লিংক ধানমন্ডিতে অবস্থিত ঢাকার রাশিয়ান হাউসের আনুষ্ঠানিক ফেসবুক পেজে পাওয়া যাবে।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ, দক্ষ পেশাজীবী তৈরি এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করা।

যোগ্য শিক্ষার্থী ও তরুণ গবেষকদের অংশগ্রহণের নিয়মাবলি দেখে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে রাশিয়ান হাউস।

আরও পড়ুন