EN ☀️
×

Follow Us

শিক্ষা

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক সোলায়মান আর নেই

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক সোলায়মান আর নেই

অধ্যাপক মো. সোলায়মান আর নেই। ছবি: সংগৃহীত

অ অ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) এর উপাচার্য অধ্যাপক মো. সোলায়মান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।

বয়সজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়লে দক্ষিণ খুলশীর বাসা থেকে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের জামেয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আসরের নামাজের পর দক্ষিণ খুলশী মসজিদে দ্বিতীয় জানাজা হবে। এরপর ইউএসটিসি ক্যাম্পাসে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সীতাকুণ্ডে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

অধ্যাপক সোলায়মানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউএসটিসি বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অধ্যাপক সোলায়মানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক ও আন্তরিক অভিভাবক হিসেবেও উল্লেখ করা হয়।

শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

আরও পড়ুন