ছাত্রী হলের শব্দদূষণ কমাতে জাবি প্রশাসনের উদ্যোগ
ডেইলি সান রিপোর্ট, জবি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে শব্দদূষণ কমাতে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে ছাত্রী হল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা ফজিলতুন্নেসা হল পরিদর্শন করেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা মহানগর) ফরিদ আহমেদ, ঢাকা অঞ্চলের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের উপ-পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকা জেলার উপ-পরিচালক মো. ইলিয়াস উপস্থিত ছিলেন। হলের ওয়ার্ডেন, হল সুপার ও বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমের প্রতিনিধিরাও পরিদর্শনে ছিলেন।
শিক্ষার্থীরা জানান, নবনির্মিত ছাত্রী হলগুলো ঢাকা-আরিচা সড়কের খুব কাছাকাছি হওয়ায় তাদের শব্দদূষণের মধ্যে থাকতে হচ্ছে। সড়কে চলাচলকারী বাস ও গাড়ির হর্নের কারণে পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে।
উপাচার্য বলেন, বাস ও গাড়ির হর্ন নিয়ন্ত্রণে সড়কের বিভিন্ন স্থানে ‘নো হর্ন’ প্ল্যাকার্ড লাগানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন দল ছাত্রী হল ও সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, ছাত্রী হলসংলগ্ন ঢাকা-আরিচা সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে শব্দদূষণ রোধে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে প্রতিটি আবাসিক হলে গ্রিন ক্লাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ছাত্রী হলগুলোর শব্দদূষণের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
