১৮তম বিজেএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২০০
শিক্ষা ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত
অষ্টাদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সিভিল জজ পদে নিয়োগের জন্য ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত করা হয়েছে।
বুধবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
কমিশন জানিয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতায় ঘাটতি থাকলে অথবা আবেদনপত্রে অসঙ্গতি বা গরমিল পাওয়া গেলে তাঁর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান, তারিখ ও সময় পরে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে জানানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে বিরূপ তথ্য পাওয়া গেলে তাঁর মনোনয়নও বাতিল করা হবে বলে জানিয়েছে কমিশন।
কমিশন স্পষ্ট করেছে, এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না। ফলাফলে কোনো ত্রুটি পাওয়া গেলে বা যুক্তিসঙ্গত কারণে প্রয়োজন হলে তা পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।