EN ☀️
×

Follow Us

শিক্ষা

একাদশে প্রথম ধাপে ভর্তি শেষ আজ, দ্বিতীয় ধাপের আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

একাদশে প্রথম ধাপে ভর্তি শেষ আজ, দ্বিতীয় ধাপের আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

ছবি: সংগৃহীত

অ অ
একাদশ শ্রেণিতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ (মঙ্গলবার)। নির্বাচিত শিক্ষার্থীদের আজকের মধ্যেই সংশ্লিষ্ট কলেজে সশরীর উপস্থিত হয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে হবে। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন নেওয়া হবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এ আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে দ্বিতীয় ধাপে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।

এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন যারা

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।

ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও যেসব শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারেননি, তারাও এ ধাপে আবেদনের সুযোগ পাবেন।

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, এমন শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না।

আবেদন যেভাবে

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে থাকা আসনসংখ্যা দেখে আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে। এ ক্ষেত্রে (https://xiclassadmission.gov.bd) ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে।
আরও পড়ুন