EN ☀️
×

Follow Us

শিক্ষা

যবিপ্রবির ২৩ শিক্ষক ছুটির মেয়াদ শেষেও ফেরেননি, ব্যয় ৩ কোটি টাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম

যবিপ্রবির ২৩ শিক্ষক ছুটির মেয়াদ শেষেও ফেরেননি, ব্যয় ৩ কোটি টাকা

ছবি: সংগৃহীত

অ অ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২৩ শিক্ষক শিক্ষা ছুটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান করেননি। তাদের বেতন-ভাতা বাবদ অতিরিক্ত ৩ কোটি ৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ৪৫০ শিক্ষকের মধ্যে ৯৪ জন বর্তমানে পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের ৭১ জনের ছুটির মেয়াদ এখনো শেষ হয়নি। তবে ২৩ জনের ছুটি শেষ হলেও তারা কর্মস্থলে ফেরেননি।

শিক্ষার্থীদের কয়েকজনের অভিযোগ, বিদেশে থাকা শিক্ষকদের কারণে কিছু বিভাগে পাঠদান ও সিলেবাস শেষ করতে সমস্যা হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, উচ্চশিক্ষায় থাকা শিক্ষকদের বিপরীতে বিকল্প শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, দেশে গবেষণার সুযোগ ও অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি বিদেশের উন্নত গবেষণা ও কর্মপরিবেশও উচ্চশিক্ষা শেষে দেশে ফেরার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তাদের মতে, শিক্ষকদের দেশে ফেরাতে গবেষণাবান্ধব পরিবেশ ও কার্যকর নীতিমালা প্রয়োজন।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ছুটির মেয়াদ শেষ হওয়া ২৩ শিক্ষককে কয়েক দফা চিঠি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে রিজেন্ট বোর্ডের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে তাদের চাকরিচ্যুত করে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

উপাচার্য আরও বলেন, কর্মস্থলে না ফেরা শিক্ষকদের কাছ থেকে পাওনা অর্থ আদায়ে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) পদক্ষেপ নেবে।

আরও পড়ুন