কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা ফের আবেদন করতে পারবেন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন করেও কলেজে ভর্তির জন্য মনোনয়ন না পাওয়া ১৪ হাজার ৪১৫ শিক্ষার্থীকে আবারও আবেদনের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে প্রথম ধাপে আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও পরবর্তী ধাপে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রথম ধাপে কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু হওয়ার পর তাদের জন্য আবার আবেদনের সুযোগ দেওয়া হবে। যারা আবেদন করেও কলেজে মনোনয়ন পায়নি এবং যারা প্রথম ধাপে আবেদন করতে পারেনি—দুই ধরনের শিক্ষার্থীই দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।
এদিকে, এবার একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন করেও কোনো শিক্ষার্থী মনোনয়ন পায়নি ৪১৬টি কলেজ ও মাদ্রাসায়। এসব প্রতিষ্ঠানের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, যেসব কলেজ ও মাদ্রাসায় প্রথম ধাপে কোনো শিক্ষার্থী মনোনয়ন পায়নি, সেগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি শিক্ষামন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সামনে তুলে ধরে তাদের মতামত চাওয়া হবে।
