EN ☀️
×

Follow Us

শিক্ষা

জাবিতে রাস্তার উন্নয়ন ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ডেইলি সান রিপোর্ট, জাবি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

জাবিতে রাস্তার উন্নয়ন ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তিপ্রস্তর উদ্বোধন
অ অ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ এবং শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে প্রয়াত ছাত্রদল নেতা শহীদুল ইসলাম তুষারের নামে একটি যাত্রী ছাউনিরও উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই হিংসা, সহিংসতা কিংবা অন্যায্যভাবে কারও ওপর আঘাত বা প্রাণহানিকে সমর্থন করি না। বৈচিত্র্য ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে সম্প্রীতি ও সততা প্রতিষ্ঠা করাই আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘যেকোনো পদ বা অবস্থানের চেয়ে ব্যক্তিগত নীতি-নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ বজায় রাখা সর্বাগ্রে থাকা উচিত।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জাবি সিনেট সদস্য ও ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাকসুর সাবেক ভিপি আশরাফ উদ্দিন খান, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু এবং জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মো. বাবরসহ অন্যরা বক্তব্য দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নাসির।

আরও পড়ুন