EN ☀️
×

Follow Us

শিক্ষা

নিরাপদ ক্যাম্পাস গড়তে ব্র্যাকের উদ্যোগ, ববিতে শুরু ‘সেইফগার্ডিং’ কার্যক্রম

ডেইলি সান রিপোর্ট, ববি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

নিরাপদ ক্যাম্পাস গড়তে ব্র্যাকের উদ্যোগ, ববিতে শুরু ‘সেইফগার্ডিং’ কার্যক্রম

ছবি: সংগৃহীত

অ অ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, হয়রানি ও বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় ‘সেইফগার্ডিং’ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘শিখা’ প্রকল্পের আওতায় আগামী দুই বছর বিশ্ববিদ্যালয়টিতে এ কার্যক্রম পরিচালনা করবে ব্র্যাক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, র‍্যাগিং, যৌন হয়রানি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত আচরণ প্রতিরোধে সচেতনতা ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তবে প্রতিরোধমূলক কার্যক্রমের ক্ষেত্রে সঠিক সংজ্ঞা ও সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, যাতে কাউকে অযথা হয়রানি বা ভুল বিচারের শিকার হতে না হয়।

তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—সবার জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ গুরুত্বপূর্ণ। ইতিবাচক কর্মপরিবেশ কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতেও ভূমিকা রাখে। আগামী দুই বছর ব্র্যাকের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুই বছর মেয়াদি এ কার্যপরিকল্পনার আওতায় ক্যাম্পাসে বুলিং, যৌন হয়রানি, র‍্যাগিং ও কর্মক্ষেত্রে বৈষম্য প্রতিরোধে ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সেইফগার্ডিং নীতিমালার ওপর প্রশিক্ষণ এবং শিক্ষার্থী ও বিভিন্ন ক্লাবের সদস্যদের জন্য সচেতনতামূলক ওরিয়েন্টেশনের আয়োজন করা হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে লিঙ্গভিত্তিক সহিংসতা ও বুলিং প্রতিরোধবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির আহ্বায়ক ড. রেহানা পারভীন, সদস্যসচিব হোসেনেয়ারা ডালিয়া ও সদস্য ড. সরদার কায়সার আহমেদ উপস্থিত ছিলেন।

ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন সোশ্যাল কমপ্লায়েন্স বিভাগের পরিচালক আ ফ ম সাহিদুর রহমান, সিনিয়র ম্যানেজার সৈয়দ আমিন আল আনাস, ইশতিয়াক জাহান শোয়েফ, আব্দুল্লাহ আল মামুন ও রাশেদ-উজ-জামান ভূঁইয়া। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, সহকারী প্রক্টর, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যৌথ এ উদ্যোগের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, ভীতিহীন, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন