EN ☀️
×

Follow Us

শিক্ষা

৩ তদন্ত কমিটি

ডাকসু কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

ডেইলি সান রিপোর্ট, ঢাবি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

ডাকসু কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন
অ অ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক ক্যাম্পাসে শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু, বিনা অনুমতিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং সংগ্রহশালায় জিন্নাহ ও আবদুল মালেকের ছবি টানানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী সাত কর্মদিবসের মধ্যে এসব কমিটিকে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২ (৩) ধারা অনুযায়ী কমিটিগুলো গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটিগুলোর প্রতিবেদনের ভিত্তিতে এসব বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডাকসু কর্তৃক ‘DU Evaluation’ নামে ওয়েবসাইট চালুর বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক করে ছয় সদস্যের প্রথম কমিটিটি গঠন করা হয়েছে।

এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং আইকিউএসি (IQAC)-এর পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

দ্বিতীয় কমিটি ডাকসু কর্তৃক কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামের স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়টি তদন্ত করবে। সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই স্থাপনা নির্মাণের ঘটনা তদন্তে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন এবং প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার এতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

তৃতীয় কমিটি গঠন করা হয়েছে ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক করে গঠিত এই পাঁচ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং প্রক্টর। দ্বিতীয় কমিটির মতো এই কমিটিতেও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার।

আরও পড়ুন