বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: ড. মো. রফিকুল ইসলাম সরদার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বর্তমানে বাকৃবির ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন, ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রধান, ফিশ মিউজিয়াম অ্যান্ড জার্মপ্লাজম সেন্টারের পরিচালক এবং ফজলুল হক হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে তিনি বাকৃবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গবেষণায় মৎস্য প্রজনন, মলিকুলার জেনেটিক্স ও বায়োটেকনোলজি তাঁর বিশেষ ক্ষেত্র। তাঁর তত্ত্বাবধানে ৩৫ জনের বেশি স্নাতকোত্তর ও আটজন পিএইচডি শিক্ষার্থী গবেষণা সম্পন্ন করেছেন। মাঠপর্যায়ে ব্যবহারের উপযোগী চারটি মৎস্য প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অর্থায়নে ২১টি গবেষণায় প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক রফিকুল ইসলাম সরদার দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত। কর্মসূত্রে যুক্তরাজ্য, জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ সফর করে আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন।