আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ এএম
২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার নতুন লক্ষ্য হাতে নিয়েছে সরকার।
নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের ১৮ বছর পার হলেও দেশের ২২ শতাংশের বেশি মানুষ এখনো লিখতে ও পড়তে পারে না। ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে ২০১৪ সালের মধ্যে শতভাগ সাক্ষরতার ঘোষণা দেওয়া হলেও অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ২০২৬ সালে এসে সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৭৭.৯ শতাংশে। দেড় দশকে সার্বিক হার বাড়লেও অর্জিত হয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য, প্রশ্ন রয়েছে শিক্ষার গুণগত মান নিয়েও।
আজ ৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ উপলক্ষে সরকার ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করার নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। ১৯৬৭ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯১ সালে দেশে সাক্ষরতার হার ২৪.৯ শতাংশ থাকলেও ২০২১ সালে তা বেড়ে ৭৪.৬৬ শতাংশে পৌঁছায়, যার মধ্যে পুরুষের হার ৭৬.৫৬ ও নারীর ৭২.৮২ শতাংশ।
লক্ষ্যমাত্রা অর্জনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ৬৪ জেলার নির্বাচিত ৬৪ উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সি ১৯ হাজার ২০০ বিদ্যালয়বহির্ভূত শিশু-কিশোরকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মৌলিক শিক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘প্রত্যেকে একজনকে শেখাবে’ মডেলে প্রাপ্তবয়স্কদের ব্যবহারিক সাক্ষরতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।